টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আয়োজক ভারত। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামিবিয়াকে ৯৩ রানে হারিয়েছে তারা। ভারতের ৯ উইকেটে করা ২০৯ রানের জবাবে নামিবিয়া ১৮.২ ওভারে গুটিয়ে যায় ১১৬ রানে।
টস হেরে আগে ব্যাটিংয়ে নামে ভারত। দলীয় ২৫ রানেই সঞ্জু স্যামসন ৮ বলে ১ চার, ৩ ছক্কায় ২২ রান করে বিদায় নেন। দ্বিতীয় উইকেটে ইশান কিষাণ ও তিলক ভার্মা ৭৯ রানের জুটি গড়েন মাত্র ৩১ বল থেকে। এতেই বড় সংগ্রহের ভিত গড়ে ওঠে।

কিষাণ ২৪ বলে ৬ চার, ৪৫ ছক্কায় ৬১ রানে সাজঘরে ফেরেন। এরপর সূর্যকুমার যাদব (১৩ বলে ১ ছয়ে ১২) ও তিলক দ্রুত সময়ের মধ্যে আউট হন। ২১ বলে ৩ চারে ২৫ রান করেন তিলক। এরপর পঞ্চম উইকেটে তাণ্ডব চালিয়েছেন হার্দিক পান্ডিয়া ও শিভম দুবে। দুজন ৩৯ বলে ৮১ রানের জুটি গড়েন।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ২০৯ রান তোলে ভারত। শেষদিকে চার রানে ৫টি উইকেট হারায় তারা। ১৯তম ওভারে তিনটি ও শেষ ওভারে দুটি উইকেটের পতন ঘটে। হার্দিক ২৮ বলে ৪ চার, ৪ ছক্কায় ৫২ ও দুবে ১৬ বলে ১ চার, ১ ছয়ে ২৩ রান করেন। অফস্পিনার গেরহার্ড ইরাসমুস ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট নেন।
নামিবিয়ার ব্যাটিং বিপর্যয়
বিশাল জয়ের লক্ষ্যে নেমে নামিবিয়া ওপেনিং জুটিতে ৩৩ ও দ্বিতীয় উইকেটে ৩৪ রানের জুটি পায়। লুরেন স্টিনক্যাম্প ২০ বলে ৩ চার, ১ ছয়ে ২৯ ও জ্যান ফ্রাইলিঙ্ক ১৫ বলে ৩ চার, ১ ছয়ে ২২ রান করে আউট হন।
এরপর বড় কোনো জুটি হয়নি নামিবিয়ার। ৮টি উইকেট তারা হারিয়ে ফেলে মাত্র ৩০ রানে। ১০ বল বাকি থাকতেই নামিবিয়ার ইনিংস থামে ১১৬ রানে। বরুণ চক্রবর্তী ২ ওভারে ৭ রানে ৩টি এবং অক্ষর প্যাটেল ও হার্দিক ২টি করে উইকেট নেন।

এ নিয়ে নামিবিয়া দুই ম্যাচের দুটিতেই হারল। নেদারল্যান্ডসের কাছে প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরে যায় তারা। অন্যদিকে ভারত প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৯ রানে জিতেছিল।
সংক্ষিপ্ত স্কোর
ভারত- ২০৯/৯; ২০ ওভার (কিষাণ ৬১, হার্দিক ৫২, তিলক ২৫, শিভম ২৩, স্যামসন ২২; ইরাসমুস ৪/২০)।
নামিবিয়া- ১১৬/১০; ১৮.২ ওভার (স্টিনক্যাম্প ২৯, ফ্রাইলিঙ্ক ২২, ইরাসমুস ১৮; বরুণ ৩/৭, অক্ষর ২/২০, হার্দিক ২/২১)।
ফল : ভারত ৯৩ রানে জয়ী।
ম্যাচসেরা : হার্দিক পান্ডিয়া।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














