গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ভারত অপরাজিত থেকেই এবার গ্রুপ পর্ব শেষ করেছে। ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে সুপার এইট খেলবে তারা। আজ আহমেদাবাদে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারিয়েছে ভারত।
টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ভারত। প্রথম ওভারেই অভিষেক শর্মা (০) বিদায় নেন। ৯ ওভারে ৬৯ রানেই তিন উইকেট হারায় তারা ডাচ বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে। তিলক ভার্মা ২৭ বলে তিনটি চার ও একটি ছয়ে ৩১ রান করেন।

চতুর্থ উইকেটে সূর্যকুমার যাদব ও শিভম দুবে ৪১ রানের জুটি গড়েন। সূর্যকুমার ২৮ বলে দুটি চার ও একটি ছক্কায় ৩৪ রান করে সাজঘরে ফিরলে জুটি ভাঙে। তখন আরেকটি বড় জুটির আশায় ছিল ভারতীয় দল। কারণ, তখনও ৬.৩ ওভার বাকি।
পঞ্চম উইকেটে দুবে ও হার্দিক পান্ডিয়া ৭৬ রানের ঝড়ো জুটি গড়ে ভারতকে বড় সংগ্রহ পাইয়ে দেন। দুবে হাফ সেঞ্চুরি করে ৩১ বলে চারটি চার, ছয়টি ছক্কায় ৬৬ রান করে সাজঘরে ফেরেন শেষ ওভারের দ্বিতীয় বলে। আর ইনিংসের শেষ বলে হার্দিকও আউট হয়ে যান।

২০ ওভার শেষে ভারত ৬ উইকেটে ১৯৩ রান তোলে। হার্দিক ২১ বলে তিনটি ছক্কা হাঁকিয়ে ৩০ রান করেন। নেদারল্যান্ডসের হয়ে লোগান ফন বিক ৫৬ রানে ৩টি ও আরিয়ান দত্ত ৪ ওভারে মাত্র ১৯ রানে ২টি উইকেট নেন।
শেষ পর্যন্ত ডাচদের লড়াই
বিশাল লক্ষ্য তাড়ায় নেমে ওপেনিং জুটিতে ৩৫ ও তৃতীয় উইকেটে ৪৩ রানের জুটি পায় ডাচরা। এরপর দ্রুত কিছু উইকেট হারায় তারা। এক সময় ১২৫ রানেই ছয় ব্যাটারকে হারিয়ে নিশ্চিত পরাজয়ের অপেক্ষায় থাকে নেদারল্যান্ডস।
মাইকেল লেভিট ২৩ বলে চারটি চারে ২৪, ম্যাক্স ও’ডাওড ১৮ বলে দুটি চার ও একটি ছক্কায় ২০, ব্যাস ডি লিডে ২৩ বলে তিনটি চার ও একটি ছয়ে ৩৩ এবং কলিন অ্যাকারম্যান ১৫ বলে একটি চার ও দুটি ছক্কায় ২৩ রানে আউট হয়ে গেছেন ততোক্ষণে।

তবে শেষদিকে খেলা জমিয়ে তোলেন জ্যাখ লিও-ক্যাশে ও নোয়াহ ক্রোয়েস। তারা সপ্তম উইকেটে ৪৭ রানের জুটি গড়েন মাত্র ২৩ বলে। এতে অবশ্য ব্যবধান কমাতে পারলেও ভারতকে পরাজয়ের শঙ্কা উপহার দিতে পারেনি ডাচরা।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রান করতে পেরছে নেদারল্যান্ডস। নোয়াহ ১২ বলে পাঁচ বাউন্ডারিতে ২৫ রানে অপরাজিত থাকেন। আর জ্যাখ ১৬ বলে একটি করে চার-ছয়ে ২৬ রান করেন। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী তিন ওভারে ১৪ রানে ৩টি এবং দুবে তিন ওভারে ৩৫ রানে ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
ভারত- ১৯৩/৬; ২০ ওভার (দুবে ৬৬, সূর্যকুমার ৩৪, তিলক ৩১, হার্দিক ৩০; লোগান ৩/৫৬, আরিয়ান ২/১৯)।
নেদারল্যান্ডস- ১৭৬/৭; ২০ ওভার (ডি লিডে ৩৩, জ্যাখ ২৬, নোয়াহ ২৫*, লেভিট ২৪; বরুণ ৩/১৪, দুবে ২/৩৫)।
ফল : ভারত ১৭ রানে জয়ী।
ম্যাচসেরা : শিভম দুবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















