বিশ্বকাপে জিতে বড় শাস্তি পেল ভারতীয় ক্রিকেট দল। আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় জরিমানা গুনতে হয়েছে ভারতের পেসার আর্শদীপ সিংকে। আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে লেভেল ১ অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তার ম্যাচ ফি-এর ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে।
আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খেলোয়াড় ও খেলোয়াড় সহায়তা কর্মীদের জন্য নির্ধারিত আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গ করেছেন আর্শদীপ। এই ধারায় আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়ের দিকে বা তার কাছাকাছি অনুপযুক্ত বা বিপজ্জনকভাবে বল কিংবা ক্রিকেট সরঞ্জাম নিক্ষেপকে অপরাধ হিসেবে গণ্য করা হয়।
মূলত ঘটনাটি ঘটে ফাইনালে নিউজিল্যান্ডের ইনিংসের ১১তম ওভারে। নিজের ফলো-থ্রুতে বল থামানোর পর আর্শদীপ সেটি আক্রমণাত্মকভাবে ছুড়ে মারেন, যা ব্যাটার ড্যারিল মিচেলের প্যাডে গিয়ে লাগে। বিষয়টি আম্পায়ারদের নজরে এলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট শাস্তির প্রস্তাব দিলে আর্শদীপ তা মেনে নেন। ফলে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এই ঘটনার জন্য আর্শদীপের শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। গত ২৪ মাসে এটি তার প্রথম অপরাধ।
উল্লেখ্য’ তবে ফাইনাল ম্যাচ হয়েছিল বেশ একতরফা। আগে ব্যাট করতে নেমে ২৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত। দুই ওপেনার সাঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার ব্যাটে ভর করে ভারত পেয়েছিল উড়ন্ত সূচনা। ওপেনিং জুটিতে আসে ৯৮ রান। ২১ বলে ৫২ রানের ইনিংস খেলেন অভিষেক। তিনে নামা ঈশান কিষাণও হাঁকান ফিফটি, ২৫ বলে ৫৪ রান করেছেন তিনি। স্যামসন সেঞ্চুরির কাছে গিয়েও সেঞ্চুরি মিস করেছেন। ৪৬ বলে ৮৯ রান করেছেন তিনি। শেষ দিকে ৮ বলে ২৬ রানের ক্যামিও খেলে টিকে ছিলেন শিভাম দুবে।
জবাবে শুরু থেকেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ফিন অ্যালেন এবং টিম সেইফার্টের ওপেনিং জুটিতে ৩১ রান তোলে নিউজিল্যান্ড। ৭ বলে ৯ রান করে বিদায় নেন অ্যালেন। কিউইদের সবচেয়ে বড় ভরসা ছিল এই জুটি। শুরুতেই জুটি ভাঙায় তাই ব্যাকফুটে চলে যায় নিউজিল্যান্ড। এরপর থেকে উইকেট হারিয়েই গেছে কিউইরা। এক প্রান্ত আগলে রেখে সেইফার্ট হাঁকান ফিফটি। ২৬ বলে ৫২ রান করেন টিম সেইফার্ট। শেষ দিকে অধিনায়ক মিচেল স্যান্টনার ৩৫ বলে ৪৩ রান করে দলের হারের ব্যবধান কমিয়েছেন। ১৫৯ রান করে থামে কিউইরা। ৯৬ রানে জয়লাভ করে ভারত।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















