প্রায় ১২৮ বছর পর অলিম্পিকিসে ফিরছে ক্রিকেট। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুটি শিরোপা জিতে ভারতের লক্ষ্য এবার সেই আসরের সোনার পদক। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত খেলবে হ্যাটট্রিক শিরোপা জয়ের আশায়। বিশ্বকাপের আগেই আরেকটি আসরে নজর রাখছেন সূর্যকুমার যাদব।
ভারতীয় অধিনায়কের চোখ এখন আগামী অলিম্পিকসকে। অলিম্পিকসের ক্রিকেট হয়েছে স্রেফ একবারই। সেই ১৯০০ সালে প্যারিস অলিম্পিকস ক্রিকেটে খেলেছিল স্রেফ দুটি দল। স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে সোনা জিতেছিল গ্রেট বৃটেন। আইসিসির দীর্ঘ প্রক্রিয়া ও উদ্যোগের পথ ধরে ১২৮ বছর অলিম্পিকসের ক্রিকেট ফিরছে ২০২৮ লস অ্যাঞ্জেলস আসরে।
পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপও ২০২৮ সালেই। অক্টোবর-নভেম্বরে আসরটি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এর আগেই জুলাইয়ে হবে অলিম্পিকস। লস অ্যাঞ্জেলস থেকে ৫০ কিলোমিটার দূরে পোমানা শহরে অস্থায়ীভাবে তৈরি ভেন্যু ফেয়ারগ্রাউন্ডস স্টেডিয়ামে হবে সব ম্যাচ। ছেলে ও মেয়েদের ক্রিকেটে ৬টি করে দল খেলবে অলিম্পিকস ক্রিকেটে।
এশিয়া থেকে ভারতের অংশগ্রহণ একরকম নিশ্চিতই বলা যায়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বারবাডোজে জয় করা ট্রফি এবার আহমেদাবাদে ধরে রেখেছে ভারত। প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের পাশাপাশি রেকর্ড তৃতীয় শিরোপা জয় করেছে তারা, দেশের মাঠে বিশ্বকাপজয়ী প্রথম দলও তারা।
এতগুলো অর্জনের পর এবার অলিম্পিকসের সোনার পদক জয়ের স্বপ্নের কথা শোনালেন সূর্যকুমার যাদব। তবে বিশ্বকাপ ট্রফিও যে ধরে রাখতে চান, সেটি যোগ করতে ভুল করলেন না। এ বিষয়ে তিনি বলেন,‘গত এক মাসের পথচলা অবশ্যই অসাধারণ ছিল। যদিও আমরা যেভাবে চেয়েছিলাম, শুরুটা সেভাবে হয়নি। তবে খেলাটিরই অংশ সেটি। পুরো পথচলা থেকে শুরু করে আজকে পর্যন্ত সবকিছুই ছিল খুবই স্পেশাল এবং দল হিসেবে সম্মিলিতভাবে আমরা যা অর্জন করেছি, সেটি তো আপনাদের সামনেই (ট্রফি)।’
এছাড়া ভারতের অধিনায়ক বলেন,‘সব মিলিয়ে আমি খুবই খুশি। পরের লক্ষ্য অলিম্পিকস… অলিম্পিকসের সোনা… পাশাপাশি ওই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপও, সেটা ভুলে যাবেন না!’
২০২৪ ও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মাঝে গত বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে ভারত। টানা তিন বছরে তিনটি আইসিসি ট্রফি জিতে নিল তারা। আইসিসির পরিকল্পনা অনুযায়ী, প্রতি বছরই আইসিসি টুর্নামেন্ট আছেই। আগামী বছর আছে ওয়ানডে বিশ্বকাপ, ২০২৮ সালে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৯ সালে পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০৩০ সালে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ।
বর্তমান সাফল্যের পথ ধরে সামনের আসরগুলোতেও অপ্রতিরোধ্য হয়ে ছুটতে চান সূর্যকুমার যাদব। তিনি বলেন,‘২০২৪ আসরের পর সব বদলে গেছে। ২০২৪ বিশ্বকাপে ভিন্ন ঘরানার ক্রিকেট খেলেছি আমরা। সেখান থেকে আমরা উপলব্ধি করতে পেরেছি, সামনে এগিয়ে যেতে কোন ধরনের ক্রিকেট খেলতে হবে এই দলকে। আমরা সেভাবেই চেষ্টা করেছি এবং পুরো ভ্রমণ ছিল দুর্দান্ত।’
এছাড়া তিনি বলেন,‘২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি আমরা, পুরো ভিন্ন ঘরানার ক্রিকেট খেলেছি আমরা এবং এবার দেশের মাঠে ঘরের দর্শকের সামনে স্পেশাল কিছু করতে চেয়েছি আমরা। ২০২৭,২০২৮, ২০২৯ সালেও আমরা তা করতে চাই এবং কখনও থামতে চাই না।’
