থাইল্যান্ডে শুরু হয়েছে নারী রাইজিং স্টারস এশিয়া কাপ। শুরুর দিনেই ঘটেছে অঘটন। ভারত নারী ‘এ’ দলকে ৭ উইকেটে হারিয়েছে আরব আমিরাত নারী দল। আজ ব্যাংককে ম্যাচটি অনুষ্ঠিত হয়। তবে নেপালের মেয়েদের ৩০ রানে হারিয়ে শুভ সূচনা করেছে পাকিস্তান নারী ‘এ’ দল।
ভারত নারী ‘এ’ ক্রিকেট দল টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৩০ রান করে। ব্যাটারদের ব্যর্থতায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারতের মেয়েরা। তবে ব্যতিক্রম ছিলেন চারে নামা আনুষ্কা শর্মা। তিনি ৪৫ বলে ৭ চারে সর্বোচ্চ ৪৭ রান করেন।
এছাড়া শেষদিকে তনুজা কানওয়ার ২৫ বলে ৫ চারে ৩৪ রান করলে লড়াইয়ের পুঁজি পায় ভারত নারী ‘এ‘ দল। আরব আমিরাতের পক্ষে সামাইরা ধরনিধরকা ৩টি এবং বৈষ্ণবী মহেশ ও ইশা ওজা ২টি করে উইকেট নেন।
১৩১ রানের লক্ষ্যে নেমে আরব আমিরাতের মেয়েরা ৪০ রানের ওপেনিং জুটি পায়। দ্বিতীয় উইকেটে আরও ৭১ রানের জুটি গড়েন ওপেনার ইশা ওজা ও সামাইরা। ৩১ বলে ৩ চার, ১ ছয়ে সামাইরা বিদায় নিলেও হাফ সেঞ্চুরি করে অধিনায়ক ইশা টিকে থাকেন।
রিনিতা রাজিথ (৬) দ্রুত সাজঘরে ফিরলেও ইশা একাই দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। তিনি ৬১ বলে ৮ চার, ২ ছক্কায় ৭২ রানে অপরাজিত থাকেন। ১৯.২ ওভারে ৩ উইকেটে ১৩১ রান করে অবিস্মরণীয় জয় তুলে নেয় আরব আমিরাতের মেয়েরা।
পাকিস্তান নারী ‘এ’ দল জিতেছে
আরেক ম্যাচে নেপালকে ৩০ রানে হারিয়েছে পাকিস্তান নারী ‘এ’ দল। আগে ব্যাট করে পাকিস্তানের মেয়েরা ২০ ওভারে ৬ উইকেটে ১৩৭ রান তোলে। অধিনায়ক হাফসা খালিদ ৩৯ বলে ২ চার, ১ ছয়ে সর্বোচ্চ ৪০ রানে অপরাজিত থাকেন। এছাড়া ওয়াহিদা আক্তার ১৫ বলে ৫ চারে ২৩ রান করেন। কবিতা কুনওয়ার ২ উইকেট নেন।
এরপর নেপাল নারী ক্রিকেট দল ২০ ওভারে ৬ উইকেটে ১০৭ রান করতে সক্ষম হয়। ওপেনার বিন্দু রাওয়াল ৪৫ বলে ৮ চারে সর্বোচ্চ ৩৯ রান করেন। কবিতা কুনওয়ার ২০ বলে ১ চারে ১৮ রানে অপরাজিত থাকেন। আনোশা নাসির ৪ ওভারে ২০ রানে ৩টি ও মোমিনা রিয়াসাত ৪ ওভারে ২১ রানে দুটি উইকেট নেন।
