চোটে জর্জরিত গিল

চোটে জর্জরিত গিল !

শুভমান গিল। ছবি: কালেক্টেড

বারবার চোটে থমকে যাচ্ছে শুভমান গিলের ক্যারিয়ার

ফর্মের চেয়ে এখন বড় প্রশ্ন শুভমান গিলের সুস্থতা। কেননা, একের পর এক চোটে জর্জরিত গিল কে ঘিরে আবারও দুশ্চিন্তায় ভারতীয় শিবির।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলেও ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকরা এখন ২-১ ব্যবধানে এগিয়ে। কিন্তু সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজের মাঝপথেই বড় ধাক্কা খেল ভারত। পায়ের চোটে চতুর্থ টি-টোয়েন্টির স্কোয়াড থেকে বাদ পড়েছেন শুভমান গিল। যদিও ঘন কুয়াশার কারনে ম্যাচ মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত বাতিল ঘোষনা হয় ম্যাচ।

চোটে জর্জরিত গিল , ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বারবার চোটে পড়ছেন ভারতের টপ অর্ডারের এই ব্যাটার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতা টেস্টে ঘাড়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। সেই চোট কাটিয়ে চলতি টি-টোয়েন্টি সিরিজে ফিরলেও স্বস্তি দীর্ঘস্থায়ী হলো না। প্রথম তিন ম্যাচ খেলার পর আবার নতুন করে পায়ে চোট পান গিল।

চোটটি কীভাবে লেগেছে বা কতটা গুরুতর, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গিলের পরিবর্তে চতুর্থ টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে সঞ্জু স্যামসনকে খেলানোর পরিকল্পনা ছিল টিম ম্যানেজমেন্টের। তবে ঘন কুয়াশার কারণে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়।

চলতি সিরিজে ব্যাট হাতেও স্বস্তি দিতে পারেননি গিল। তিন ম্যাচে তার সংগ্রহ মাত্র ৩২ রান। প্রথম ম্যাচে চার রান করে আউট হন। মুল্লানপুরে প্রথম বলেই ডাক খেয়ে ফেরেন। ধর্মশালায় ২৮ রানের ইনিংসে কিছুটা ছন্দে ফেরার ইঙ্গিত দিলেও চোট আবার সব হিসাব এলোমেলো করে দিয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই নতুন চোট ভারতীয় দলের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গিলকে নিয়ে উদ্বেগ যে এখনো কাটেনি, সেটাই আবারও স্পষ্ট হয়ে গেল।

Exit mobile version