নেপালকে ১০ উইকেটে হারিয়ে ইতালির ঐতিহাসিক বিজয়

নেপালকে ১০ উইকেটে হারিয়ে ইতালির ঐতিহাসিক বিজয়

নেপালকে ১০ উইকেটে হারিয়ে ইতালির ঐতিহাসিক বিজয়, ছবি : সংগৃহীত

এই প্রথম ক্রিকেট বিশ্বকাপ খেলছে ফুটবলের দেশ ইতালি। টি-২০ বিশ্বকাপ অভিষেকে অবশ্য স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৭৩ রানের বড় ব্যবধানে হেরেছে তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ঐতিহাসিক জয় তুলে নিয়েছে ইতালি। নেপালকে ১০ উইকেটে বিধ্বস্ত করে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে তারা। আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

টস হেরে আগে ব্যাটিংয়ে নামে নেপাল। আগের ম্যাচে ইংল্যান্ডের মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে জিততে জিততে হেরে যাওয়া দলটিকে এদিন চেনাই যায়নি। ৪৯ রানেই ৩ উইকেট হারায় তারা। রোহিত পাউডেল ১৪ বলে ২ ছক্কায় ২৩ ও আসিফ শেখ ২০ বলে ২ চারে ২০ রানে সাজঘরে ফেরেন।

নেপালের আরিফ শেখ সর্বোচ্চ ২৭ রান করেন, ছবি : সংগৃহীত

চতুর্থ উইকেটে ৪৪ রানের জুটি গড়ে অবস্থার উন্নতি ঘটান দীপেন্দ্র সিং আইরি ও আরিফ শেখ। দীপেন্দ্র ১৮ বলে ১৭ রানে বিদায় নিলে এই জুটি ভেঙে যায়। এরপর ধস নামে ইতালির স্পিনারদের দাপটে। শেষ ৭টি উইকেট নেপাল হারিয়ে ফেলে মাত্র ৩০ রানে।

শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১২৩ রানে গুটিয়ে যায় নেপালের ইনিংস। আরিফ ২৪ বলে ৩ চারে ২৭ ও শেষদিকে করণ কেসি ১১ বলে ১ চার, ১ছয়ে অপরাজিত ১৮ রান করেন। লেগস্পিনার ক্রিশান কালুগামাগে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩টি ও অফস্পিনার বেন ম্যানেন্তি ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২টি উইকেট নেন।

ইতালির ব্যাটিং তাণ্ডব

মামুলী টার্গেট তাড়ায় নেমে পাওয়ার প্লে’র ৬ ওভারেই বিজয়ের সুবাস পেতে শুরু করে ইতালি। বিনা উইকেটে ৬৮ রান তুলে উড়ন্ত সূচনা পায় তারা। দুই সহোদর ওপেনার জাস্টিন মোসকা ও অ্যান্থনি মোস্কা নেপালের বোলারদের তুলোধুনো করেন। উভয়ে অর্ধশতক হাঁকান।

দুই সহোদর জাস্টিন-অ্যান্থনি জোড়া অর্ধশতক হাঁকিয়ে অপরাজিত থাকেন, ছবি : সংগৃহীত

ইতালিয়ান দুই ওপেনারকে থামাতে পারেননি নেপালের কোনো বোলারই। শেষ পর্যন্ত মাত্র ১২.৪ ওভারে বিনা উইকেটে ১২৪ রান তুলে ১০ উইকেটের বিশাল জয় ছিনিয়ে নেয় ইতালি। জাস্টিন ৪৪ বলে ৫ চার, ৩ ছক্কায় ৬০ এবং অ্যান্থনি ৩২ বলে ৩ চার, ৬ ছক্কায় ৬২ রানে অপরাজিত থাকেন।

৪৪ বল হাতে রেখেই জিতে যায় ইতালি এবং পায় বিশ্বকাপ মঞ্চে প্রথম জয়। পরে ব্যাট করে এটাই ইতালির সবচেয়ে বড় জয়। এর আগে গ্রিস ও তুরস্কের বিপক্ষে ৯ উইকেটের জয় আছে তাদের।

সংক্ষিপ্ত স্কোর

নেপাল- ১২৩/১০; ১৯.৩ ওভার (আরিফ ২৭, রোহিত ২৩, আসিফ ২০, দীপেন্দ্র ১৭; কালুগামাগে ৩/১৮, বেন ২/৯)।

ইতালি- ১২৪/০; ১২.৪ ওভার (অ্যান্থনি ৬২*, জাস্টিন ৬০*; দীপেন্দ্র ০/২৪)।

ফল : ইতালি ১০ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : ক্রিশান কালুগামাগে।

Exit mobile version