সব শঙ্কা পেছনে ফেলে অবশেষে মাঠে গড়াচ্ছে ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই। অনেক নাটক জমিয়ে বাংলাদেশের সহযোগিতায় গত ১০ ফেব্রুয়ারি মত পাল্টেছে পাকিস্তান। টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি তারা খেলবে। কলম্বোতে রোববার মুখোমুখি হওয়ার কথা তাদের।
এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর হাইভোল্টেজ ম্যাচের টিকিট আগেই বিক্রি হয়েছে। দুই দল মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুত থাকলেও নতুন প্রশ্ন ম্যাচটি হবে তো? রাজনৈতিক জটিলতা কেটে আশার আলো উদয় হওয়ার পর শঙ্কা জাগাচ্ছে আবহাওয়া। রবিবারের ম্যাচে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।
শ্রীলঙ্কার আবহাওয়া পূর্বাভাস বলছে, কলম্বোতে সেদিন বৃষ্টির ‘উচ্চ ঝুঁকি’রয়েছে। বিভিন্ন পূর্বাভাস সংস্থার তথ্যমতে, ম্যাচ চলাকালীন সময়েও বৃষ্টি হতে পারে। এতে খেলা ব্যাহত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সেখানকার আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের আগে কলম্বোয় দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা ৯৩ শতাংশ। বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে ২৬ শতাংশ। মোট বৃষ্টিপাত হতে পারে প্রায় ১২.১ মিলিমিটার। ফলে দিনের বড় একটা সময় বৃষ্টিতে ভিজতে পারে মাঠ ও আউটফিল্ড।
তবে সন্ধ্যার দিকে কিছুটা স্বস্তির খবর রয়েছে। পূর্বাভাস বলছে, সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা নেমে আসতে পারে ১৩ শতাংশে। অর্থাৎ ম্যাচ শুরুর সময় ভারী বৃষ্টির আশঙ্কা তুলনামূলকভাবে কম। এ পর্যন্ত গ্রুপ ‘এ’-তে নিজেদের দুই ম্যাচেই জয় পেয়েছে দুই দল।
সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত দারুণ ছন্দে আছে, অন্যদিকে পাকিস্তানও আত্মবিশ্বাসী। এই ম্যাচের জয়ী দল সুপার এইটে ওঠার পথে অনেকটাই এগিয়ে যাবে। তবে ম্যাচটি পরিত্যক্ত হলে দুই দলই পাবে এক পয়েন্ট করে, যা গ্রুপের সমীকরণে নতুন মোড় আনতে পারে।
এর আগে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় ভারত। এরপর বাংলাদেশে নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে খেলতে রাজি হয়নি। বাংলাদেশে চেয়েছিল ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে। কিন্তু আইসিসি তারে সারা দেয়নি। পলে পাকিস্তান বাংলাদেশের পক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়। তাতে আইসিসি বিশাল ক্ষতির মুখে পড়ে। এরপর বাংলাদেশের সহযোগিতায় ভারতের বিপক্ষে খেলতে রাজি হয় পাকিস্তান।
