করাচি পিএসএল শুরু করল কোয়েটাকে হারিয়ে

করাচি পিএসএল শুরু করল কোয়েটাকে হারিয়ে

করাচি পিএসএল শুরু করল কোয়েটাকে হারিয়ে, ছবি : সংগৃহীত

করাচি পিএসএল শুরু করেছে মঈন আলির অলরাউন্ড নৈপুণ্যে কোয়েটাকে হারিয়ে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) জয় দিয়ে যাত্রা শুরু করেছে করাচি কিংস। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মাত্র ১৪ রানের জয় পায় তারা

টস হেরে আগে ব্যাট করে করাচি কিংস ২০ ওভারে সাত উইকেটে তোলে ১৮১ রান। মঈন ২৯ বলে ৪টি চার ও ৩টি ছয়ে ৪৮ রানে অপরাজিত থাকেন। পরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ২০ ওভার শেষ করে সাত উইকেটে ১৬৭ রান করে। মঈন দুটি ক্যাচ নেওয়ার পাশাপাশি একটি উইকেট নেন।

যদিও প্রথম ওভারে দলীয় তিন রানেই প্রথম উইকেট হারায় করাচি। পরে দ্বিতীয় উইকেটে ৪১ রান যোগ করেন ডেভিড ওয়ার্নার ও সালমান আলি আগা। মাত্র ১০ বলে ৪টি চার ও ১টি ছয়ে সালমান ২২ রান করেন। সে কারণেই পাওয়ার প্লে’র ৬ ওভারে দুটি উইকেট হারালেও ৬০ রান করে করাচি।

মঈন আলি অলরাউন্ড নৈপুণ্য দেখান, ছবি : সংগৃহীত

তৃতীয় উইকেটে ওয়ার্নার ও সা’দ বেগ ৪৩ রানের জুটি গড়েন। সা’দ ২৩ বলে ৬টি চারে ৩০ রানে আউট হন। ২২ বলে ৪টি চার ও ১টি ছয়ে ৩৫ রান করা ওয়ার্নারকে সাজঘরে ফেরান আবরার আহমেদ। কিন্তু পরবর্তীতে মঈনের ঝড়ো ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ পায় করাচি।

করাচি পিএসএল শুরু করল জয়ে

আর কেউ বড় ইনিংস খেলতে না পারলেও শেষ পাঁচ ওভারে ৫৬ রান তোলে করাচি। আহমেদ দানিয়াল চার ওভারে ৩৬ রানে ৩টি ও আলজারি জোসেফ দুটি উইকেট নেন। লক্ষ্য তাড়ায় নেমে কোয়েটা মাত্র সাত ওভারেই ৭৯ রানের ওপেনিং জুটি পায়।

অষ্টম ওভারের প্রথম বলে শামাইল হোসনকে শিকার করে ব্রেক থ্রু দেন সালমান আগা। শামাইল মাত্র ২৪ বলে ৫টি চার ও ৪টি ছয়ে ৫২ রান করেন। পরের দুই ওভারে খাজা নাফে (৩) ও সৌদ শাকিল সাজঘরে ফেরেন। সৌদ ২৫ বলে ৬টি চারে ৩৩ রান করেন।

শামাইল ঝড়োগতির ফিফটি করেন, ছবি : সংগৃহীত

চতুর্থ উইকেটে ২৯ রান যোগ করে রাইলি রুশোও বিদায় নেন। তিনি ২১ বলে ৩টি চারে ২৫ রান করেন। তবে হাসান নওয়াজের ২৪ বলে ১৯ রানের ধীর গতির ইনিংসে কোয়েটা লক্ষ্যচ্যুত হয়েছে। পরবর্তীতে বেন ম্যাকডারমট ১৩ বলে ৩টি চার ও ১টি ছয়ে ২৫ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। হাসান আলি চার ওভারে ২৭ রানে ৪টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

করাচি কিংস- ১৮১/৭; ২০ ওভার (মঈন ৪৮*, ওয়ার্নার ৩৫, সা’দ ৩০, সালমান ২২; দানিয়াল ৩/৩৬, আলজারি ২/৩২)।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স- ১৬৭/৭; ২০ ওভার (শামাইল ৫২, সৌদ ৩৩, ম্যাকডারমট ২৫*, রুশো ২৫; হাসান ৪/২৭, সালমান ১/১০, মঈন ১/২৬)।

ফল : করাচি কিংস ১৪ রানে জয়ী।

ম্যাচসেরা : মঈন আলি।

Exit mobile version