আর্সেনালকে হারিয়ে শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি

কারাবাও কাপ হাতে ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা

হঠাৎ স্বস্তির হাওয়া ম্যানচেস্টার সিটি শিবিরে। রবিবার রাতে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে কারাবাও কাপ জয় করেছে প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন দলটি। উভয় গোল করেন নিকো ও’রেইলি।

ম্যানচেস্টার সিটি ২-০ আর্সেনাল
ম্যানচেস্টার সিটির গোলরক্ষক ছিলেন ম্যাচের নায়ক। তার দক্ষতায় ম্যানসিটি প্রথম ধাক্কা ভালোভাবে সামাল দেয়। প্রথম সাত মিনিটে গোলরক্ষক জেমস ট্রাফোর্ড তিনবার দলকে গোল হজম থেকে রক্ষা করেন।

দ্বিতীয়ার্ধে দেখা যায় বিপরীত ঘটনা। ৬০ মিনিটের সময় সিটি মিডফিল্ডার রায়ান চেরকি ডান দিকে দিয়ে বক্সে ঢুকে গোলে শট নেন। আর্সেনাল গোলরক্ষক কেপা আরিজাবালাগারের জন্য সেটা ছিল সহজ এক পরীক্ষা। কিন্তু অবিশ্বাস্যভাবে তিনি বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। হাত ফসকে বল চলে যায় নিকো ও’রেইলির কাছে। হেডে ফাঁকা পোস্টে গোল করেন তিনি।

রেইলির এই গোল ম্যানসিটির জন্য সৌভাগ্য বয়ে আনে। চার মিনিট পর আবার তিনি গোল করেন। ম্যাথিয়াস নুনেসের ক্রস থেকে হেডে গোল করেন রেইলি।

চার মিনিটের ব্যবধানে জোড়া গোল নিকোর


গোলশূন্যভাবে শেষ হয়েছিল প্রথমার্ধের খেলা। দারুণ প্রতিদ্বন্দ্বিতা ছিল প্রথমার্ধে। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটিকে এমনভাবে চমকে দেবে তা ম্যানসিটির সমর্থকরাও ভাবতে পারেনি। মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে সফরকারী দলের সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন ও’রেইলি। ৬০ মিনিটে প্রথম গোল করেন তিনি। ৬৪ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় ম্যানসিটি।

কারাবাও কাপের ফাইনালে জোড়া গোলদাতা নিকো ও’রেইলি

ম্যানসিটির নবম শিরোপা
পাঁচ বছর পর ম্যানচেস্টার সিটি আবার শিরোপার দেখা পেয়েছে। কারাবাও কাপে এটা তাদের নবম শিরোপা। এবার চ্যাম্পিয়ন হওয়ার মাঝ দিয়ে ম্যানচেস্টার সিটি লিভারপুলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। দশবার চ্যাম্পিয়ন হয়ে লিভারপুল সবার ওপরে রয়েছে। ছয়বার চ্যাম্পিয়ন হয়ে তৃতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২২-২৩ মৌসুমে তারা সর্বশেষ শিরোপা জয় করে।

কোচ পেপ গার্দিওলার দৌড়
ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। তবে শিরোপা জয়ের তেমন একটা সম্ভাবনা নেই তাদের। কেননা শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধানটা বেশ হৃষ্টপুষ্ট। তাছাড়া চ্যাম্পিয়ন্স লিগ থেকেও ছিটকে পড়েছে। ফলে শিরোপা জয়ের খুব একটা সম্ভাবনা তাদের আর নেই। তাইতো কারাবাও কাপ জয় গার্দিওলার জন্য বড় এক পুরস্কার। একেবারে শূন্য হাতে মৌসুম শেষ করতে হচ্ছে না। তাইতো ও’রেইলির দ্বিতীয় গোলের পর সাইড লাইন বরাবর অন্তত ২০ গজ দৌড়ে পার হন পেপ গার্দিওলা।

আর্সেনালের হতাশা
ইংলিশ প্রিমিয়ার পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার সিটি থেকে ভালো ব্যবধানে এগিয়ে থাকায় শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে আর্সেনালের। চ্যাম্পিয়ন্স লিগেও ভালো অবস্থানে রয়েছে দলটি। এফএ কাপের ফাইনালে পৌঁছে গেছে। ফলে এক মৌসুমে চার শিরোপা জয়ের দারুণ সুযোগ ছিল আর্সেনালের সামনে। কিন্তু কারাবাও কাপের ফাইনালে হেরে যাওযায় সেই সম্ভাবনা শেষ হয়ে গেছে।

Exit mobile version