ম্যানচেস্টার সিটি গত মৌসুমে কোনো শিরোপা পায়নি। এবারও সেই শঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবার রাতে তারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে। প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ৩-০ গোলে হারা দলটি ফিরতি লেগে ২-১ গোলে হেরেছে। এর ফলে ৫-১ গোল গড়ে হেরে বিদায় নিয়েছে ২০২২-২৩ মৌসুমে শিরোপা জেতা দলটি। এ নিয়ে গত পাঁচ মৌসুমে চারবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে বাধা এড়াতে ব্যর্থ হলো ম্যানসিটি।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পৌঁছাতে কমপক্ষে তিন গোলের ব্যবধানে জয়ের বিকল্প ছিল না ম্যানচেস্টার সিটির। কিন্তু নিজেদের মাঠের খেলায় তারা উল্টো হেরে বসে। ৯০ মিনিটের ম্যাচ হলেও ২২ মিনিটের মধ্যে ম্যানসিটির ভক্তরা তাদের দলের ভবিষ্যত সম্পর্কে নিশ্চিত হয়ে যায়। এ সময়ে গোল হজম করে তারা। তার আগে বেনার্ডো সিলভা লাল কার্ড দেখলে ম্যানসিটি শিবির প্রথম ধাক্কাটা খায়।
হ্যান্ডবলের কারণে লাল কার্ড দেখেন বেনার্ডো সিলভা। নিজেদের বিপদ সীমানার মধ্যে হ্যান্ডবল হওয়ায় পেনাল্টি হজম করতে হয় ম্যানসিটিকে। পেনাল্টি থেকে ভিনিসিয়ুস জুনিয়ার গোল করে ম্যানসিটি শিবিরে দ্বিতীয় পেরেকটি বসিয়ে দেন।
ম্যানসিটির বিপক্ষে প্রথম লেগে হ্যাটট্রিক করেছিলেন ফেডেরিকো ভালভার্দে। এবার সে পথে ছিলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। শেষ পর্যন্ত তিন গোল করা হয়নি তার, দুই গোলে থামতে হয়েছে। ২২ মিনিটে প্রথম গোল করা ভিনিসিয়ুস ইনুজরি সময়ে দলের এবং ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন। গোলের একাধিক সুযোগ নষ্ট না করলেও এ ম্যাচে তিনি হ্যাটট্রিক পেতে পারতেন। তার জোড়া গোলের সুবাদে রিয়াল মাদ্রিদের সামনে রেকর্ড ১৫তম বারের মতো শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।
দুর্ভাগ্য ম্যানসিটির
প্রথম লেগে ৩-০ গোলে হারায় এ ম্যাচে অন্তত তিন গোলের ব্যবধানে তাদের জয়ের দরকার ছিল। সে চেষ্টাও তারা করেছে। একের পর এক হামলা করেছে। চমৎকার সব আক্রমণ করেছে। কিন্তু তা থেকে কোনো ফায়দা তারা তুলতে পারেনি। একটা বা দুটো নয়, রিয়াল মাদ্রিদের পোস্ট লক্ষ করে অন্তত ২২টা শট তারা নিয়েছে। কিন্তু একবারই তারা রিয়াল মাদ্রিদের গোলরক্ষককে পরাভূত করতে পেরেছে। প্রথমার্ধের শেষ সময়ে রিয়াল মাদ্রিদের জালে বল জড়ান আর্লিং হালান্ড।
কিলিয়ান এমবাপ্পের ফেরা
ইনজুরির কারণে প্রায় এক মাস মাঠের বাইরে থাকা কিলিয়ান এমবাপ্পে বদলি খেলোয়াড় হিসেব মাঠে নেমেছিলেন। রিয়াল মাদ্রিদের কোচের প্রত্যাশা কোয়ার্টার ফাইনালে বদলি খেলোয়াড় হিসেবে নয়, শুরুর একাদশে থাকবেন এমবাপ্পে।
