ম্যানইউয়ের নাটকীয় জয়

ইংলিশ প্রিমিয়ার লিগ

হঠাৎ করে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। একটা সময় পয়েন্ট হারানো যাদের নিত্য অভ্যাস ছিল তারাই এখন জয়টাকে অভ্যাসে পরিণত করেছে। শুরুতে ছয় ম্যাচের চারটিতে পয়েন্ট হারানো দলটি সর্বশেষ ছয় ম্যাচে রয়েছে অপরাজিত। টানা তিন ম্যাচে জয় তাদের। ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার রাতে নিজেদের মাঠের খেলায় ফুলহামের বিপক্ষে ৩-২ গোলে নাটকীয় জয় পেয়েছে।

পয়েন্ট হারানো অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল ম্যানইউয়ের। তবে ইনজুরি সময়ের চতুর্থ মিনিট বেঞ্জামিন সেসকোর গোল ম্যানইউকে জয় এনে দেয়।

ম্যাচের শুরু থেকে অবশ্য ম্যানইউয়ের একক আধিপত্য ছিল। জয়টাও নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে ফুলহাম দারুণভাবে খেলায় ফিরে আসে। মাত্র পাঁচ মিনিটের মধ্যে জোড়া গোল করে তারা ম্যানইউয়ের মুখের হাসি কেড়ে নেয়। রাউল জেমিনেজ ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান। আর কেভিন ইনজুরি সময়ের প্রথম মিনিটে গোল করে খেলায় সমতায় আনেন।

এর আগে কাসেমিরো ১৯ মিনিটের সময় গোল করে ম্যানইউকে এগিয়ে নিয়েচিলেন। ম্যাথান কুনহা ৫৬ মিনিটে গোল করে সমর্থকদের হাসি প্রশ্বস্ত করেন। তবে ফুলহামের জোড়া গোল ম্যানইউ সমর্থকদের সেই হাসি কেড়ে নিলেও তা স্থায়ী হয়নি। সেসকো ৯৪ মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন।

২৪ ম্যাচ শেষে ম্যানইউয়ের পয়েন্ট ৪১। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের ব্যবধান ১২ পয়েন্টের।

Exit mobile version