ব্যান্ডেজ হাতেও অনুশীলনে মার্টিনেজ

ব্যান্ডেজ হাতেও অনুশীলনে মার্টিনেজ

ব্যান্ডেজ হাতেও অনুশীলনে মার্টিনেজ । বিশ্বকাপ শুরুর আর মাত্র ৯ দিন বাকি। তার আগে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিবিরে সবচেয়ে বড় শঙ্কার নাম হয়ে উঠেছিল এমিলিয়ানো মার্টিনেজের আঙুলের চোট। তবে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে দলের প্রথম অনুশীলনে অংশ নিয়ে কিছুটা স্বস্তির খবর দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।

গতকাল সোমবার অনুষ্ঠিত প্রথম অনুশীলনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেন মার্টিনেজ। সেখানে তার বাঁ হাত ব্যান্ডেজ অবস্থায় দেখা যায়। ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্ম-আপের সময় আঙুলে চিড় ধরেছিল অ্যাস্টন ভিলার এই গোলরক্ষকের। ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় তিনি লেখেন, প্রথম দিন অনেক উৎসাহ নিয়ে কাটছে, যদিও সবকিছু করতে না পারায় কিছুটা খারাপ লাগছে। তবে বন্ধুদের সঙ্গে এবং দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত বলেও জানান তিনি।

পোস্ট করা ছবিগুলোর একটিতে দেখা যায়, পায়ে বল নিয়ন্ত্রণ করছেন মার্টিনেজ। কিন্তু চোট পাওয়া হাতটি ব্যবহার করতে পারছেন না তিনি। অনামিকা ও কনিষ্ঠ আঙুলের অংশ বিশেষভাবে ব্যান্ডেজে মোড়ানো ছিল। তবু দলের সঙ্গে উপস্থিতি এবং অনুশীলনে অংশ নেওয়া সমর্থকদের দুশ্চিন্তা কিছুটা কমিয়েছে।

লিওনেল স্কালোনির দলের আরও কয়েকজন ফুটবলারও ছোটখাটো চোট নিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন। তাদের মতো মার্টিনেজও প্রথম অনুশীলনে পূর্ণমাত্রায় কাজ করেননি। তবে আর্জেন্টিনা দলের মেডিকেল স্টাফের ধারণা, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। সবকিছু ঠিক থাকলে সেই ম্যাচেই গোলবারের নিচে দেখা যেতে পারে মার্টিনেজকে। তবে কোনো ঝুঁকি নিতে চাইছে না দল। তাই বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে তাকে খেলানো হবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চোটের ধাক্কা থাকলেও আর্জেন্টিনা শিবিরে মার্টিনেজের উপস্থিতি এখন আশারই নাম। বিশ্বকাপের আগে এমন এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুশীলনে ফেরা দলকে মানসিকভাবে কিছুটা হলেও শক্তি জোগাবে।

Exit mobile version