মেহেদীর মায়ের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

মেহেদীর মায়ের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদী হাসানের মায়ের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিসিএল ওয়ানডে ম্যাচ খেলতে রবিবার ২২ ফেব্রুয়ারি সকালে অনুশীলনও করছিলেন শেখ মেহেদী হাসান। তবে হুট করে খবর আসে, না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তার মা। এরপর বগুড়া থেকে তড়িঘড়ি করে রওয়ানা হন খুলনার পথে। 

জাতীয় দলের এই অলরাউন্ডারের মায়ের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট অঙ্গনে। এবার তার পাশে দাঁড়ালেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মেহেদীর উদ্দেশে দিয়েছেন আবেগঘন বার্তা। গণমাধ্যমের সাথে আলাপকালে নাজমুল হোসেন শান্ত বলেন,‘আসলে কথা হয়নি। সকালে খবরটা পেয়েছি। তারপর যত তাড়াতাড়ি সম্ভব ওকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। খুবই দুঃখের খবর। তার আম্মার জন্য অবশ্যই দোয়া থাকবে। আমরা ওর পাশে আছি। কঠিন সময়, কিন্তু কিছু করার নেই।’

বগুড়ায় কোনো এয়ারপোর্ট বা বিমানবন্দর না থাকায় যাত্রাপথও দীর্ঘ হচ্ছে মেহেদীর। এ বিষয়ে শান্ত বলেন,‘এয়ারপোর্ট থাকলে আরও ভালো হতো। আশা থাকবে এয়ারপোর্ট হয়ে যাবে।’

২২ ফেব্রুয়ারি সকালে খুলনায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মমতাজ বেগম। বিসিবি এক শোক বার্তায় জানিয়েছে,‘মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করছে। বিসিবি শেখ মেহেদী হাসান এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে।’

Exit mobile version