লিওনেল মেসি আরও একটা মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছেন। ৯০০তম গোলের মাইলফলক। আর একটা মাত্র গোল। তাহলেই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেসি ৯০০তম গোলের বিরল মাইলফলক স্পর্শ করবেন। ফুটবল ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিনি এই মাইলফলকে পৌঁছাবেন। তার আগে পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর এই কীর্তি গড়েছেন। তিনি এখন হাজারতম গোলের কীর্তি গড়ে চলেছেন।
গতকাল রাতে ইন্টার মায়ামির হয়ে মেসি এই কীর্তি গড়েন। মেজর সকার লিগে ইন্টার মায়ামির জয়ে একটি গোল করে আর্জেন্টিনার অধিনায়ক ৮৯৯তম গোল করার রেকর্ড গড়েন। মেসির এই আনন্দের দিতে তার দল ইন্টার মায়ামি ২-১ গোলে ডি ইউনাইটেডকে হারিয়েছে। মেসির পাশাপাশি মায়ামির হয়ে অন্য গোলটি করেন জাতীয় দলের সতীর্থ রদ্রিদো ডি পল।
মায়ামি উভয় গোলই পায় প্রথমার্ধে। ১৭ মিনিটে রদ্রিগো ডি পল গোল করে মায়ামিকে এগিয়ে নিয়ে যাওয়ার পর ২৭ মিনিটে মেসি ব্যবধান দ্বিগুন করেন। দ্বিতীয়ার্ধে একটি মাত্র গোল পরিশোধ করেন টাই বারিবো। মৌসুমে তিন ম্যাচ থেকে তিন গোল করেছেন মেসি। একটা গোলের রূপকারও হয়েছেন। মৌসুমের দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করেছিলেন। প্রথম ম্যাচে তিনি কোনো গোল পাননি। দলও পায়নি কোনো গোল। সে ম্যাচে হেরেছিল মেসির দল। ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে মৌসুম শুরু করেছিল তারা।
আগামী বুধবার ইন্টার মায়ামি তাদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে। কনকাকাফ চ্যাম্পিয়ন্সক কাপের ম্যাচ এটি। এ ম্যাচে নাশভিলে মেসিদের প্রতিপক্ষ। মেসি সমর্থকদের এ ম্যাচে থাকবে তীক্ষ্ম নজর।
মেসির এ ম্যাচ দেখতে বাল্টিমোর রাভেন্স স্টেডিয়ামে ৭২,০২৬ জন দর্শক উপস্থিত ছিলেন। মূলত ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ওয়াশিংটনে। কিন্তু মাঠের আকার তুলনামূলক ছোট হওয়া ম্যাচকে বাল্টিমোরে নিয়ে যাওয়া হয়। ম্যাচ শেষে মায়ামি গোলরক্ষক ডেনি বলেন, অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে যখন দেখা স্বাগতিক দলের চেয়ে সফরকারী দলের সমর্থন বেশি তখন তা দারুণ ব্যাপার হয়ে দাঁড়ায়।’
ইন্টার মায়ামির এটা দ্বিতীয় জয়। পয়েন্ট ৬। নতুন মৌসুম হার দিয়ে শুরু হয়েছিল মায়ামির। মৌসুমের প্রথম ম্যাচে হার ইন্টার মায়ামির শীর্ষস্থান দখলের সুযোগ নষ্ট করে দিয়েছে। তিন ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তারা। নিউইয়র্ক সিটি ৭ পয়েন্ট নিয়ে সবার উপরে। ৬ পয়েন্ট নিয়ে রেড বুল নিউইয়র্ক দ্বিতীয় স্থানে। পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে থাকায় তারা মেসিদের তৃতীয় স্থানে ঠেলে দিয়েছে।
