ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ, নাহিদ রানা ও পাকিস্তানের সালমান আলি আগা সুখবর পেয়েছেন। আইসিসি র্যাঙ্কিংয়ে মিরাজ, নাহিদ ও সালমান বড় লাফ দিয়েছেন। বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সবেমাত্র শেষ হয়েছে। এরপর হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে মিরাজ ও সালমান ৯ ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন। ৬৫ ধাপ এগিয়েছেন নাহিদ।
তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছে। এই সিরিজে বেশ কয়েকজন ক্রিকেটার ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন। তাই আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে মিরাজ, নাহিদ ও সালমানের হয়েছে উন্নতি। বাংলাদেশের অধিনায়ক মিরাজ বোলারদের তালিকায় আবারও শীর্ষ দশে ফিরেছেন। সর্বশেষ সাপ্তাহিক হালনাগাদে এমনটাই জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
পাকিস্তানের সালমান আলি আগা আইসিসি পুরুষদের ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ৯ম স্থানে উঠে এসেছেন। বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ ৬৫ ধাপ এগিয়ে এখন ৯৮ নম্বরে জায়গা করে নিয়েছেন। মিরপুরে অনুষ্ঠিত সিরিজের তিন ম্যাচে এই তিনজন তারকা উজ্জ্বল নৈপুণ্য দেখান।
সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে ৬৪ ও ১০৬ রানের দারুণ ইনিংস খেলেন পাকিস্তানের সালমান আগা। তিনি ১৮তম স্থান থেকে উঠে যৌথভাবে নবম স্থানে জায়গা করে নিয়েছেন ভারতের লোকেশ রাহুলের সঙ্গে। উভয়ের রেটিং ৬৬৪।
র্যাঙ্কিংয়ে মিরাজ ও অন্যান্যদের অবস্থা
অলরাউন্ডার মিরাজ বল হাতেই মূলত ভালো পারফর্ম করেছেন। এই অফস্পিনার প্রথম দুই ম্যাচে যথাক্রমে ২৯ রানে ৩টি উইকেট এবং ৩৪ রানে ২টি উইকেট শিকার করেন। ফলে মিরাজের ৯ ধাপ উন্নতি হয়েছে বোলারদের র্যাঙ্কিংয়ে। তিনি এখন ৬২৪ রেটিং নিয়ে ৭ম স্থানে উঠে এসেছেন। আরও দুই স্পিনার- ভারতের কুলদীপ যাদব ও শ্রীলঙ্কার মাহিশ থিকশানাও একই অবস্থানে আছেন।
অলরাউন্ডার তালিকাতেও উন্নতি করেছেন মিরাজ-সালমান। সালমান যৌথভাবে দশম স্থানে উঠেছেন, আর মিরাজ দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে। মিরাজের রেটিং ২৮০, সালমানের ২০১। ৩২৯ রেটিং নিয়ে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।
এদিকে বাংলাদেশের তানজিদ হাসান তামিম সিরিজ নির্ধারণী ম্যাচে নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৩১ ধাপ এগিয়ে ৫৫তম স্থানে উঠেছেন। প্রথম ম্যাচে তিনি অপরাজিত ৬৭ রান করে যৌথভাবে সিরিজ সেরা হয়েছেন। এছাড়া তাওহিদ হৃদয় দুই ধাপ এগিয়ে ৩২তম এবং লিটন দাস ১০ ধাপ এগিয়ে ৮২তম স্থানে পৌঁছেছেন।
বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচে ৪৯ রানে ৪ উইকেট নেন। সিরিজে ৬ উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ৪০তম থেকে উঠে ২৮তম স্থানে এসেছেন এই ডানহাতি পেসার। পাশাপাশি সিরিজে ৫টি উইকেট নেওয়া মোস্তাফিজুর রহমান ১৩ ধাপ এগিয়ে ৪৭তম স্থানে উঠে এসেছেন।
বড় উন্নতি হয়েছে তরুণ পেসার নাহিদ রানার। প্রথম ওয়ানডেতে ৫টি ও তৃতীয়টিতে ২টি উইকেট নেন তিনি। তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়ে নাহিদ ৬৫ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৯৮তম স্থানে জায়গা করে নিয়েছেন।
পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ এক ধাপ করে এগিয়ে যথাক্রমে ১৭ ও ১৯ নম্বরে উঠেছেন। তিন ম্যাচে ৪ উইকেট নিয়েছেন শাহীন, আর দুই ম্যাচে ৬ উইকেট হারিসের। তাঁদের আগে পাকিস্তানের একমাত্র বোলার হিসেবে ১৩তম স্থানে আছেন লেগ স্পিনার আবরার আহমেদ।
