শেষ সময়ের গোলে মিলানকে জেতালেন মদ্রিচ

এসি মিলানকে জয়সূচক গোল এনে দেয়ার পর লুকা মদ্রিচের উচ্ছ্বাস। (ছবি: গেটি ইমেজেস)

এসি মিলানকে জয়সূচক গোল এনে দেয়ার পর লুকা মদ্রিচের উচ্ছ্বাস। (ছবি: গেটি ইমেজেস)

ইতালিয়ান সেরি-আ লিগে রেলিগেশন জোনে থাকা পিসার বিপক্ষেও পয়েন্ট হারাতে বসেছিল এসি মিলান। তবে নির্ধারিত সময়ের ৫ মিনিট বাকি থাকতেই গোল করে দলকে পূর্ণ তিন পয়েন্ট এনে দিলেন রিয়াল মাদ্রিদ ছেড়ে আসা ক্রোয়েশিয়ান মহাতারকা লুকা মদ্রিচ। পিসার বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে লিগে ইন্টার মিলানের সাথে ব্যবধান ৫ পয়েন্টে কমিয়ে আনল রোজো নেরিরা।

প্রতিপক্ষের মাঠে খেলতে নামা মিলান শুরু থেকেই দাপুটে খেলা উপহার দিয়েছিলো। কিন্তু বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করায় তারা পয়েন্ট হারাতে বসেছিলো। ৩৯তম মিনিটে লিড নেয়া দলটি ৭১তম মিনিটে গোল হজম করলে খেলায় সমতা ফেরে। অবশেষে ম্যাচের ৯২তম মিনিটে (ইনজুরির কারণে যোগ করা সময়) গোল করেন লুকা। আর তাতেই পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মেসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা।

এসি মিলানের হয়ে ৩৯তম মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেছিলেন রুবেন লফটাস-চিক। পিসাকে সমতায় ফেরানো গোলটি করেন ফেলিপে লোয়োলা।

এবারের সেরি-আ লীগে মিলানের দাপট থাকলেও সর্বশেষ ছয় ম্যাচের তিনটিতেই তারা পয়েন্ট হারিয়েছে। এরমধ্যে তুলনামূলক দুর্বল পারফরম্যান্স নিয়ে পিছিয়ে থাকা ফিওরেন্টিনা এবং জেনোয়ার বিপক্ষে ম্যাচও ছিল। ফলে টেবিলের শীর্ষস্থানও তাদের হাতছাড়া হয়েছে। সেই ধারাবাহিকতায় পয়েন্ট টেবিলের তলানিতে থাকা পিসার বিপক্ষেও ড্র তাদেরকে শিরোপা রেসে আরও পিছিয়ে দিতো।

যোগ করা সময়ে লাল কার্ড

পিসার হোম ভেন্যু স্তাদিও রোমেও অ্যানকনেতানি-তে অনুষ্ঠিত ম্যাচে প্রায় ফাঁকায় থাকা রুবেন হেড দিয়ে গোল করে মিলানকে লিড এনে দেন ম্যাচের ৩৯তম মিনিটে। বিরতির পরই ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ এসেছিলো সফরকারীদের সামনে। পেনাল্টি পেয়েছিলো অ্যালেগ্রির ছেলেরা। সুযোগ নষ্ট করেন নিকলাস ফুলক্রুগ।

৭৯তম মিনিটে ফেলিপে লোয়োলা গোল করে পিসাকে সমতা ফেরালে মিলানের সামনে একবার পয়েন্ট হারানোর ঝুকি তৈরি হয়। শেষ পর্যন্ত তা আর হতে দেননি রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার লুকা মদ্রিচ। সতীর্থকে বক্সে বল বাড়িয়ে দেওয়ার পর ফিরতি পাওয়া বল নিয়ন্ত্রণ নিতে গিয়ে খেই হারালেও দ্রুতই সামলে ওঠেন ক্রোয়েশিয়ান সুপারস্টার। দ্রুতগতিতে দৌড়ে পিসা গোলরক্ষককে পরাস্ত করেন, দলকে এনে দেন কাঙ্খিত লিড।

জয় যখনও প্রায় নিশ্চিত। তখন তাদের আনন্দে বিষাদ তৈরি হয় আদ্রিয়েন র‌্যাবিওটের লাল কার্ডে। জয় উদযাপনের আগমুহূর্তে যোগ করা সময়ে লাল কার্ড দেখেন মিলানের ফরাসি তারকা আদ্রিয়েন।

২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে সিরি-আ’য় টেবিলের দুইয়ে রয়েছে এসি মিলান। তাদের নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে। এরপর নাপোলি ৪৯ এবং ‍জুভেন্তাস ও রোমা সমান ৪৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে অবস্থান করছে।

Exit mobile version