মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিমানবন্দরে আটকা পড়েছেন মুশফিক

মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিমানবন্দরে আটকা পড়েছেন মুশফিক

মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিমানবন্দরে আটকা পড়েছেন মুশফিক, ছবি : সংগৃহীত

ইরানে আজ যৌথভাবে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। অপারেশন এপিক ফিউরি নামে চালানো এ হামলার জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে থাকা মার্কিন বিমান ও নৌ ঘাঁটিতে হামলা চালিয়েছে। তাই মধ্যপ্রাচ্য জুড়ে আকাশসীমা বন্ধ রাখা হয়েছে। বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।

পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। সেখান থেকে আজই দেশে ফেরার কথা ছিল তার। তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে। এতে করে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় বন্ধ রয়েছে বিমান চলালচল। এ কারণে আরও অনেকের সাথে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন মুশফিক।

কয়েক সপ্তাহের উত্তেজনা আর হুমকির পর আজ সকালে ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। জবাবে ইরানও মধ্যপ্রচ্যের ৬টি দেশে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে। এমন পরিস্থিতিতে বিঘ্নিত হয়েছে ওই অঞ্চলের বিমান চলাচল।

দুবাই থেকে মুশফিকের ফ্লাইট ফিরে গেছে জেদ্দায়

উমরাহ পালন শেষে আজ সৌদি আরব থেকে দুবাই হয়ে দেশে ফিরতে চেয়েছিলেন মুশফিক। দুবাই যাওয়ার পর সেখান থেকে আবার সৌদি আরবের জেদ্দায় ফেরত পাঠানো হয় তাদের ফ্লাইট। ফলে বর্তমানে সৌদিতে অবস্থান করছেন মুশফিক।

উমরাহ হজ পালনে সৌদি আরব যান মুশফিক, ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোমাধ্যমে মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে, কয়েকদিন আগে আমি উমরাহ হজ পালন করার জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি আমার হজ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলাম। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইকে ০৮০৬ ফ্লাইটে রওনা দেই। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি।’ 

এমন পরিস্থিতিতে কবে দেশে ফিরতে পারবেন তা নিয়ে উদ্বিগ্ন এই ক্রিকেটার, ‘সর্বশক্তিমান আল্লাহই ভালো জানেন, কবে এবং কীভাবে আমরা ঢাকায় ফিরব। সবার কাছে দোয়া কামনা করছি।’

এর আগেও কয়েকবার উমরাহ করেছেন মুশফিক। আবার হজও করেছেন। তবে এ ধরণের সমস্যায় পড়তে হয়নি তাকে। এবার মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ পরিস্থিতি যেমন, তাতে করে নতুন করে বিমান চলাচল শুরু হওয়ার বিষয়ে কোনো ভবিষদ্বাণী করা সম্ভব হচ্ছে না। তাই মুশফিকের দেশে ফেরার সঠিক সময়ও অনিশ্চিত।

Exit mobile version