মাত্র কিছুদিন আগে প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলার গৌরব অর্জন করেছেন বগুড়ার কৃতি ক্রিকেটার মুশফিকুর রহিম। তাকে আজ বগুড়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সেখানে মুশফিক ঘোষণা দিয়েছেন, তিনি বগুড়ায় ক্রিকেট একাডেমি গড়তে চান।
বাংলাদেশের উত্তরবঙ্গের অন্যতম শহর বগুড়ায় জন্ম এবং সেখানেই ক্রিকেটে হাতেখড়ি মুশফিকুর রহিমের। শহরের গৌরব এই জাতীয় দলের ক্রিকেটার কিছুদিন আগেই ১০০তম টেস্ট খেলেছেন। তাকে আজ দুপুরে বগুড়ার তরুণ ক্রিকেটারদের উদ্যোগে শহিদ চান্দু স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মুশফিকের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন জাতীয় দলের ক্রিকেটার ও বগুড়ার আরেক কৃতি সন্তান তাওহিদ হৃদয়। সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন বয়সভিত্তিক দলের খেলোয়াড়, উদীয়মান ক্রিকেটার ও ক্রীড়া সংগঠকেরা উপস্থিত ছিলেন।
চেনা পরিবেশ আর শৈশবের স্মৃতির শহরে এমন সম্মান পেয়ে মুশফিক বলেন,‘আমিও একসময় তোমাদের মতোই ছিলাম। পরিবারের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি। সময়ের প্রয়োজনে আমরা একদিন মাঠ ছাড়ব, কিন্তু হৃদয়, তামিমদের মতো নতুন প্রজন্মই তখন দেশের ক্রিকেটের দায়িত্ব নেবে।’

বগুড়ায় একটি আধুনিক ও মানসম্মত ক্রিকেট একাডেমি গড়ার স্বপ্ন দেখেন মুশফিক, ‘বগুড়ায় একটি আধুনিক ও মানসম্মত ক্রিকেট একাডেমি গড়াই আমার স্বপ্ন। উত্তরাঞ্চলে প্রতিভার কোনো অভাব নেই, কিন্তু প্রয়োজনীয় সুযোগ, সুবিধা না থাকায় অনেক সম্ভাবনাময় খেলোয়াড় হারিয়ে যায়।’
সবার জন্য উন্মুক্ত একটি একাডেমি গড়তে চান মুশফিক। তিনি বলেন,‘এমন একটি একাডেমি গড়তে চাই, যেখানে তরুণরা সারা বছর অনুশীলনের সুযোগ পাবে। এটি কোনো অভিজাত বা সীমাবদ্ধ জায়গা হবে না, সবার জন্য উন্মুক্ত থাকবে।’
অনুষ্ঠান শেষে মাঠে উপস্থিত তরুণ ক্রিকেটারদের সঙ্গে কিছুটা সময় কাটান মুশফিক। এ সময় তরুণদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং ক্রিকেটার হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা দেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















