দোয়া চেয়ে পিএসএল খেলতে পাকিস্তানে উড়াল দিয়েছে মোস্তাফিজ-শরিফুলরা। শঙ্কা উড়িয়ে অবশেষে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর শুরু হতে যাচ্ছে আগামী ২৬ মার্চ। পাকিস্তানের এই জমজমাট টি-টোয়েন্টির টুর্নামেন্টে খেলতে যেখানে বাংলাদেশের ৬ ক্রিকেটার দল পেয়েছেন।
ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলতে আজ (সোমবার) সকালে দেশ ছেড়েছেন চার তারকা ক্রিকেটার। দেশে ছাড়ার আগে পেসার শরিফুল ইসলাম ক্রিকেট ভক্তদের কাছে দোয়া চেয়েছেন। তবে রিশাদ হোসেন ও তানজিদ তামিম যাবেন পরে। প্রথম ধাপে পিএসএলের উদ্দেশে দেশ ছেড়ে যাওয়া ক্রিকেটাররা হলেন–মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা।
পিএসএলে এবার সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। এরপর নিলামে দল পান রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন।
পরবর্তীতে শরিফুল ইসলাম এবং তানজিদ তামিমও প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ডাক পেয়েছেন। সব ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে শরিফুল এবং তামিমকে। এ ছাড়া মুস্তাফিজ ও পারভেজ ইমন লাহোর এবং রিশাদ গায়ে জড়াবেন রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) জার্সি।
বাংলাদেশের ৬ ক্রিকেটার আগামী ১২ এপ্রিল পর্যন্ত পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। নিউজিল্যান্ড সিরিজ থাকায় এরপরই তাদের দেশে ফিরতে হবে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে কিউইরা।
