নারী এশিয়া কাপে রানার্স-আপ বাংলাদেশ । এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে ভারত-বধ হল না। উল্টো বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত নারী দল। বাংলাদেশের নারীদের সন্তুষ্ট থাকতে হচ্ছে রানার্স-আপ হয়ে। ফাইনালে ব্যাটিং ব্যর্থতায় ৪৬ রানে হেরেছে বাংলাদেশের নারীরা।
অথচ ব্যাংককে এদিন ৪৪ রানে ভারতের ৪ উইকেট শিকার করে কি দারুণ শুরুটাই না পেয়েছিল বাংলাদেশ ‘এ’। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রাধা যাদব। দুই ওপেনার নন্দিনি কাশ্যপ ও দীনেশ বৃন্দা দিচ্ছিলেন ভালো শুরুর ইঙ্গিত।
এরপর তবে দলীয় ৩০ রানে উদ্বোধনী জুটি ভাঙতেই খেই হারায় ভারত ‘এ’ দল। ফাতেমা জাহানের শিকার হয়ে দীনেশ বিদায় নেওয়ার ঠিক এক ওভার পর দলীয় ৩৩ রানে রান আউট হন নন্দিনী। ঠিক তার পরের বলে ফারজানা ইয়াসমিনের শিকারে পরিণত হন মিন্নু মানি, যিনি গোল্ডেন ডাকের শিকার হন। ৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত।

দলের বিপর্যয় সামাল দিতে গিয়ে ভারতের রানের গতিও শ্লথ হয়ে যায়। এতে চাপ ভর করে বসলে দলীয় ৪৪ রানে চতুর্থ উইকেটও হারিয়ে ফেলে। এবার বাংলাদেশকে উইকেট এনে দেন অধিনায়ক ফাহিমা খাতুন। এরপর অবশ্য ঘুরে দাঁড়ায় ভারত। পঞ্চম উইকেটে ৬৯ রানের জুটি গড়েন তেজাল হাসাবনিস ও অধিনায়ক রাধা। ৩০ বলে ৩৬ রান করে রাধা বিদায় নিলে এই জুটি ভাঙে।
তবে তেজাল আগলে ছিলেন অন্য প্রান্ত। অন্যদিকে বল হাতে ফাহিমা লড়ে যান একাই। শেষপর্যন্ত ৩৪ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন তিনি। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ভারত ‘এ’ দলের সংগ্রহ দাঁড়ায় ১৩৪ রান। বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন একাই পান চারটি উইকেট।
শারমিন-শামিমার চেষ্টা ব্যর্থ
জবাবে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ২ ওভার দেখেশুনে পার করলেও তৃতীয় ওভারের শুরুতেই ওপেনার ইশমা তানজিমকে হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর শারমিন সুলতানা ও শামিমা সুলতানা হাল ধরার চেষ্টা করেন। তবে শামিমা ১৫ বলে ২০ রান করে বিদায় নিলে আবারো বাংলাদেশ খেই হারিয়ে ফেলে। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ ‘এ’। উইকেটে থিতু হওয়ার চেষ্টায় ৩০ বলে ১৮ রান করেন শারমিন। সাদিয়ার ব্যাট থেকে আসে ১০ রান। অধিনায়ক ফাহিমা বল হাতে উজ্জ্বল থাকলেও ব্যাট হাতে ১১ বলে ১৪ রান করে ফেরেন সাজঘরে।
শেষপর্যন্ত ১৯.১ ওভারে ৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের নারীরা। ভারতের পক্ষে প্রেমা রাওয়াত তিনটি এবং সোনিয়া মেনধিয়া ও তানুজা কানওয়ার দুটি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
ভারত নারী ‘এ’ দল: ২০ ওভারে ১৩৪/৭
বাংলাদেশ ‘এ’ দল: ১৯.১ ওভারে ৮৮/১০
ভারত ৪৬ রানে জয়ী
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















