পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে ব্যাঙ্গ করে রাণী বলায় বড় শাস্তির মুখে পেসার নাসিম শাহ। ইতিমধ্যে এ ঘটনায় নাসিমকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি। একইসাথে পাকিস্তানের এই পেসারকে সতর্কও করেছে বোর্ড।
চলমান পিএসএলে রিশাদ হোসেনের সতীর্থ নাসিম শাহ। খেলছেন রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে। পিএসএলের প্রথম ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হন মারিয়াম। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি তাকে স্বাগত জানাচ্ছেন, এমন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পিসিবি।
বিতর্কিত সেই পোস্ট নিয়ে নাসিম লিখেছিলেন, ‘কেন ওকে সবসময় লর্ডসের রাণীর মতো সম্মান দেওয়া হয়?’ নিজের পোস্ট নাসিম কিছুক্ষণ পর সরিয়ে ফেলেন, তবে ততক্ষণে তা সবার দৃষ্টিগোচর হয়ে গেছে।
বিতর্ক ছড়িয়ে পড়লে নাসিম দাবি করেন, তার একাউন্ট হ্যাক হয়েছে। তবে তাতেও লাভ হয়নি। পিসিবি তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। পিসিবি এক বিবৃতিতে জানায়, ‘নাসিম শাহকে কেন্দ্রীয় চুক্তির শর্ত লঙ্ঘন এবং মিডিয়া নীতি লঙ্ঘনের কারণে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। পিসিবির শৃঙ্খলা কাঠামোর অধীনে এই নোটিশ জারি করা হলো। নাসিমকে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে হবে।’
এ বিষয়ে পিসিবি আরও জানিয়েছে, নাসিমের জবাব পাওয়ার পর পিসিবি তাদের নীতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ঘটনার সূত্রপাত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচ ঘিরে। সম্প্রতি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ঘোষণা দেন, ‘পশ্চিম এশিয়ার সংকট এবং হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দর্শকশূন্য স্টেডিয়ামে টুর্নামেন্ট আয়োজন করা হবে।’
তবে বাস্তবে দেখা যায়, উদ্বোধনী ম্যাচে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ, যিনি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা এবং বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ভাতিজি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিনি নিরাপত্তা বহরের সঙ্গে প্রবেশ করেন এবং মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের সঙ্গেও সাক্ষাৎ করেন।
এদিকে চলমান পিএসএলে নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে খেলছেন নাসিম শাহ। তার দল শনিবার পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। তবে মাঠের পারফরম্যান্সের আগে এই বিতর্কের কারণে তাকে একাদশেই রাখা হয়নি। মাঠে না নামতে পারলেও এখন নাসিম শাহকে ঘিরে প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে।
