প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে আলজেরিয়ার চমক

প্রস্তুতি ম্যাচ

প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে আলজেরিয়ার চমক

ম্যাচ শেষে আলজেরিয়ার খেলোয়াড়রা।

প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে আলজেরিয়ার চমক , বিশ্বকাপ ফুটবলে নেদারল্যান্ডসকে অন্যতম ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে প্রস্তুতি ম্যাচে তাদের সমর্থকদের হতাশ হতে হয়েছে। বুধবার রাতে নিজেদের দেশে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে আলজেরিয়ার কাছে হেরে গেছে তারা। রটারডামে অনুষ্ঠিত ম্যাচে আলজেরিয়া ১-০ গোলে জয় পেয়েছে। আনিস হাজ মুসা একমাত্র গোলটি করেন।

ম্যাচটি গোল শূন্যভাবে শেষ হওয়ার পথেই এগুচ্ছিলো। শেষ বাঁশি বাজার অপেক্ষা করছিল দর্শকেরা। ঠিক তখনই স্বাগতিক দর্শকদের চমকে দেন আনিস হাজ মুসা। যোগ্য দল হিসেবেই আলজেরিয়া ম্যাচে জয় পেয়েছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে তাদের আধিপত্য ছিল স্পষ্ট। বিপুল সংখ্যক স্বাগতিক দর্শকদের ব্যাপক গর্জনেও তারা থমকে যায়নি। বরং একের পর এক আক্রমণ রচনার মাঝ দিয়ে দর্শকদের হতবাক করেছে। তারই অংশ হিসেবে ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে জোরালো কোনাকুনি শটে নেদারল্যান্ডস গোলরক্ষককে পরাভূত করেন আনিস হাজ মুসা। তার এই গোল নেদারল্যান্ডসের দেশ ছাড়ার মূহুর্তের আনন্দকে কিছুটা হলেও ম্লান করে দিয়েছে।

হাজের প্রথম গোল

নেদারল্যান্ডসের বিপক্ষে এ জয় বিশ্বকাপে আলজেরিয়ার আত্মবিশ্বাসকে আর জোরালো করবে। সে সঙ্গে মুসাকেও। জাতীয় দলের হয়ে এটা ছিল তার প্রথম গোল। মুসার এই গোল নেদারল্যান্ডসের জন্য বড় এক আঘাত। মুসা ডাচ লিগের খেলোয়াড়। ফেয়েনুর্ডের হয়ে খেলেন তিনি। ক্লাবটির হয়ে গোল করার যথেষ্ঠ অভ্যাস রয়েছে। ২০২৪ সালে ফেয়েনুর্ডে যোগ দেওয়ার পর এ পর্যন্ত ৬০ ম্যাচে অংশ নিয়ে ১৯ গোল করেছেন। বয়স ভিত্তিক জাতীয় দলেও খেলেছেন।

প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে আলজেরিয়ার চমক । উচ্ছ্বসিত আলজেরিয়ার সমর্থকরা

আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানকে ম্যাচে বেশ কয়েকবার কঠিন পরীক্ষা দিতে হয়েছে। তবে সে সব পরীক্ষায় তিনি দারুণভাবে সফলতার পরিচয় দিয়েছেন। ম্যাচে তিনি মুখে মাস্ক নিয়ে খেলেছেন। গত এপ্রিলে আহত হয়েছিলেন তিনি।

উজবেকিস্তানের বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস

নেদারল্যান্ডস বিশ্বকাপের মূল মিশন শুরুর আগে আরও একটা প্রস্তুতি ম্যাচ খেলবে। তবে এটি নিজ দেশে নয়, বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রে। সে ম্যাচে তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান। আগামী সোমবার কানসাস সিটিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বিশ্বকাপ ফুটবলে ‘এফ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে নেদারল্যান্ডস। গ্রুপে তাদের সঙ্গী হিসেবে রয়েছে জাপান, সুইডেন ও তিউনিসিয়া। অন্যদিকে আর্জেন্টিনা, অস্ট্রিয়া আর জর্ডানের সঙ্গে ‘জে’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে আলজেরিয়া। তারা প্রথম ম্যাচেই মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। অন্যদিকে নেদারল্যান্ডস জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। ১৪ জুন হবে ম্যাচটি।

Exit mobile version