জার্মানির বিশ্বকাপ দলে জায়গা পেলেন নয়্যার! প্রায় দুই বছর জাতীয় দলের বাইরে থাকার পর আবারও জার্মানির জার্সিতে ফিরলেন ম্যানুয়েল নয়্যার। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো এই অভিজ্ঞ গোলরক্ষককে আসন্ন বিশ্বকাপের জন্য দলে ফিরিয়ে আনলেন প্রধান কোচ ইউলিয়ান নাগেলসমান। আজ বৃহস্পতিবার ২১ মে, ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে জার্মানি।
বিশ্বকাপ দলে ফিরলেও এবার নয়্যারকে অধিনায়কত্ব দেওয়া হয়নি। জার্মানির নেতৃত্বের দায়িত্ব থাকবে ইয়োশুয়া কিমিখের হাতে। তবে প্রথম একাদশে গোলপোস্টের নিচে নয়্যারকেই ভরসা করছেন কোচ নাগেলসমান। দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, নয়্যার কোন মানের ফুটবলার এবং দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা সবারই জানা। তার পরিকল্পনায় নয়্যারই থাকছেন প্রধান গোলরক্ষক।
আসন্ন বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে খেলবে জার্মানি। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ কুরাসাও, আইভরিকোস্ট ও ইকুয়েডর। মূল আসরের আগে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ৩১ মে ফিনল্যান্ড এবং ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে জার্মানরা।
স্কোয়াড ঘোষণার পর জার্মান দলে অভিজ্ঞতা ও তরুণ শক্তির মিশেল নিয়েই আলোচনা হচ্ছে। গোলরক্ষক হিসেবে নয়্যারের সঙ্গে আছেন অলিভার বাউমান ও আলেকজান্ডার ন্যুবেল। রক্ষণভাগে রয়েছেন আন্তোনিও রুডিগার, জোনাথান টাহ, নিকো শ্লটারবেক, ভালডেমার আন্টন, ডেভিড রাউম, মালিক থিয়াও এবং নাথানিয়েল ব্রাউন।
মাঝমাঠে রাখা হয়েছে ফেলিক্স এনমেচা, পাসকাল গ্রস, ফ্লোরিয়ান ভির্টৎস, জামাল মুসিয়ালা, লিয়ন গোরেৎসকা, অ্যাঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, ইয়োশুয়া কিমিখ, আলেকজান্ডার পাভলোভিচ ও জেমি লেভেলিংকে। আক্রমণভাগে আছেন কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, লিরয় সানে, নিকোলাস ভোল্টেমাড এবং মাক্সিমিলিয়ান বায়ার।
নয়্যারের দলে ফেরা জার্মান সমর্থকদের জন্য বড় স্বস্তির খবর। অভিজ্ঞ এই গোলরক্ষক আবারও বিশ্বমঞ্চে নিজের ছাপ রাখার সুযোগ পাচ্ছেন। নেতৃত্ব না পেলেও গোলপোস্টের নিচে তার উপস্থিতি জার্মানির সবচেয়ে বড় শক্তির একটি হয়ে থাকবে।
