শন টেইট না ফেরায় অস্ট্রেলিয়া সিরিজে নতুন কোচ পেল তাসকিন-ফিজরা । ভারতের রাজ্য দলের কোচ হতে চাওয়া এই অস্ট্রেলীয় কিংবদন্তিকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজে লড়বে বাংলাদেশ। এই সিরিজে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক তারকা পেসার তালহা জুবায়ের।
বিসিবির একটি সূত্র জানায়, সাবেক পেসার তালহা জুবায়ের অস্ট্রেলিয়া সিরিজে নাহিদ-মুস্তাফিজদের দেখভাল করবেন। আপাতত অন্তর্বর্তীকালীন পেস বোলিং কোচ হিসেবেই দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে। ৪০ বছর বয়সী সাবেক এই পেসার বাংলাদেশের হয়ে ৭টি টেস্ট ও ৬টি ওয়ানডে খেলেছেন।
তিনি ২০০২ সালে বাংলাদেশের হয়ে অভিষেক হয় তার। খেলোয়াড়ি জীবন শেষে নাম লেখান কোচিংয়ে। এখন অবধি দেশের শীর্ষ পর্যায়ে সুনামের সাথে কোচিং করিয়ে চলেছেন। তালহার কপাল খুলেছে মূলত টেইটের ‘প্রস্থান’ এর কারণে। বাংলাদেশের পেস বিপ্লবে যে ক’জনের অবদান, তাদের একজন শন টেইট।
অস্ট্রেলিয়ার সাবেক এই কিংবদন্তি পেসার বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে কাজ করছিলেন সাফল্যের সঙ্গে। তবে পারিবারিক কারণে তিনি আর দায়িত্ব চালিয়ে যেতে খুব একটা আগ্রহী নন। সম্প্রতি ভারতের গণমাধ্যমে দাবি করা হয়, ভারতের রাজ্য দল বাংলার কোচিংয়ে আগ্রহী তিনি।
বাংলা দলের প্রধান কোচ হতে আগ্রহ দেখিয়ে ইতোমধ্যে নাকি সাক্ষাৎকারও দিয়ে এসেছেন। প্রধান কোচ করা না গেলে টেইটকে রাজ্য দলটির পেস বোলিং কোচের দায়িত্ব দেওয়ার সুযোগও আছে সিএবির সামনে। আর পারিশ্রমিকের দিক থেকে বনিবনা হয়ে গেলে সেই দায়িত্ব পালনে আপত্তি নেই টেইটের।
অবশ্য টেইটের স্ত্রী একজন ভারতীয়। বছরের নানা সময়ে তাই ভারতে যাওয়া-আসার মধ্যেই থাকেন তিনি। এছাড়া ভারতের রাজ্য দলে কাজ করা মানে আইপিএলসহ নানা জায়গায় কাজের সুযোগ সৃষ্টি হওয়া। সেই সাথে বয়স ভিত্তিক পর্যায়ের ক্রিকেটের প্রতিভাবানদের গড়ে তোলার সুযোগও পাওয়া যেতে পারে।
ভালো কাজ করতে পারলে সুযোগ মিলতে পারে ভারতীয় জাতীয় দল বা বয়সভিত্তিক দলেও। এসব কারণে টেইট বাংলাদেশ জাতীয় দল ছেড়ে ভারতের রাজ্য দলে কোচিং করাতের আগ্রহী হয়ে উঠেছেন কিনা- এমন প্রশ্ন উঠছে ক্রিকেট অঙ্গনে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যস্ত সূচিতে বাংলাদেশ
উল্লেখ্য, আগামী ৯ থেকে ২১ জুন পর্যন্ত বাংলাদেশে সাদা বলের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ ৯, ১১ ও ১৪ জুন ঢাকার শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দল দুটি যাবে চট্টগ্রাম। সেখানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে।
