ওয়ানডে দলে ফিরলেন শারমিন ও সুলতানা নতুন মুখ জুয়ায়রিয়া। ঘরোয়া ক্রিকেটে আগ্রাসী ব্যাটিং করে আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সম্ভাবনার ঝলক দেখিয়ে এবার ওয়ানডেতে জায়গা করে নিলেন জুয়ায়রিয়া ফেরদৌস। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন ২০ বছর বয়সী সম্ভাবনাময় কিপার-ব্যাটার।
এবার অভিষেকের মতো অনুভূতি হতে পারে শারমিন সুলতানারও। আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ অনেকটাই ভুলে যাওয়ার কথা তার। সাড়ে ছয় বছর পর যে ফিরলেন তিনি জাতীয় দলে! এছাড়াও ফিরেছেন অফ স্পিনার সুলতানা খাতুন।
এই সিরিজ দিয়েই আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজের বাংলাদেশ দল ঘোষণা করা হয় রোববার। যথারীতি দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা।
গত বছরের শুরুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন জুয়ায়রিয়া। গত নভেম্বরে জাতীয় লিগ টি-টোয়েন্টিতে ১৩১.২৫ স্ট্রাইক রেটে ১৮৯ রান করে প্রতিশ্রুতিশীল ক্রিকেটারের পুরস্কার জেতেন তিনি। পরে তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের বাংলাদেশ দলে নেওয়া হয়। নেপালে ওই টুর্নামেন্টের সাতটি ম্যাচ খেলেন ২০ বছর বয়সী এই ব্যাটার। থাইল্যান্ডের বিপক্ষে ৪৫ বলে ৫৬ রানের ইনিংস খেলেন ৪ ছক্কায়।
তবে বাংলাদেশের টপ অর্ডারে দ্রুত রান তোলার মতো উপযুক্ত ব্যাটার নেই অনেক দিন ধরে। সেখানেই এখন আশার আলো জুয়ায়রিয়া। শারমিন বাংলাদেশের হয়ে খেলেছেন ১৩টি ওয়ানডে। সবশেষটি সেই ২০১৯ সালের নভেম্বরে। ৩২ বছর বয়সী ব্যাটার গত জানুয়ারিতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলেছেন থাইল্যান্ডে রাইজিং স্টার্স এশিয়া কাপে। সেখানে বড় ইনিংস খেলতে না পারলেও কয়েকটি কার্যকর ইনিংস এসেছে তার ব্যাট থেকে।
সুলতানা ওয়ানডে খেলেছেন ১৬টি, উইকেট নিয়েছেন ১৯টি। সবশেষ তাকে এই সংস্করণে দেখা গেছে গত বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে। গত জানুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের বাংলাদেশ দলে ছিলেন এই অফ স্পিনার। এই তিনজনকে জায়গা দিতে বাদ পড়েছেন ব্যাটার রুবাইয়াদ হায়দার ঝিলিক, সুমাইয়া আক্তার ও অফ স্পিনার নিশিতা আক্তার। বিশ্বকাপ দল থেকে প্রশ্নবিদ্ধভাবে বাদ পড়া অফ স্পিনার জান্নাতুল ফেরদৌস সুমনার জায়গা হয়নি এবারও।
আগামী শুক্রবার বাংলাদেশে আসছে লঙ্কানরা। রাজশাহীতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২০ এপ্রিল। এরপর দুই দল সিলেটে খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশ ওয়ানডে দল: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়ায়রিয়া ফেরদৌস।
