টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে তিনবারের মোকাবেলায় ভারতকে হারিয়েছে নিউজিল্যান্ড। এবারও যদি জিততে পারে তাহলে সেই জয়টি হবে ‘বিশেষ’ কিছু। কারণ সেক্ষেত্রে প্রথমবার টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড। দলটির অধিনায়ক মিচেল স্যান্টনার আজ জানিয়েছেন তারা ভারতীয় সমর্থকদের হৃদয় ভাঙতে চান।
২০০৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে জোহানেসবার্গে ১০ রানে, ২০১৬ বিশ্বকাপের সুপার টেন পর্বে নাগপুরে ৪৭ রানে এবং ২০২১ বিশ্বকাপের সুপার টুয়েলভে ৮ উইকেটে ভারতকে হারিয়েছে নিউজিল্যান্ড। এবারই প্রথম টি-২০ বিশ্বকাপের নকআউট ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। সেটিও আবার শিরোপা লড়াই। তাই পরিসংখ্যান অনুসারে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে তা ভাবার কারণ নেই।
ঘরের মাটিতে গতবারের চ্যাম্পিয়ন ভারত খেলবে ফাইনাল ম্যাচ। আহমেদাবাদে বিপুল সমর্থক চিৎকার করবে ভারতের পক্ষে। আইসিসি ইভেন্টে প্রায় নিয়মিত ফাইনাল খেলার অভ্যাস আছে ভারতের। নিউজিল্যান্ডের সেটি খুবই কম। সাম্প্রতিক সময়ে অবশ্য কিউইরা ফাইনাল খেলছে। এবার টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলবে তারা দ্বিতীয়বারের মতো।
এবার শিরোপা লড়াইয়ের আগে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিরোপা জিততে ভারতীয় সমর্থকদের ‘হৃদয় ভাঙতে’ তাদের কোনো দ্বিধা নেই। ২০১৫ সাল থেকে ধরলে এটি নিউজিল্যান্ড পুরুষ দলের পঞ্চম আইসিসি গ্লোবাল টুর্নামেন্টের ফাইনাল। বড় মঞ্চে বারবার নিজেদের প্রমাণ করে তারা বুঝিয়ে দিয়েছে কেন তারা বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল।
ফাইনাল নিয়ে স্যান্টনার যা বলেছেন
এবার দলটি কেবল রানার্সআপ ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকতে চায় না। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক স্যান্টনার বলেন,‘আমি একটি ট্রফি জিততে চাই। আমাদের দল সবসময়ই নিজেদের পরিকল্পনায় স্থির থাকে। আমরা পরিস্থিতি বা প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবি না, বরং দল হিসেবে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’
অবশ্য ফাইনালে স্বাগতিক ভারতকেই ফেবারিট মেনে নিচ্ছেন স্যান্টনার। তবে তিনি বলেছেন,‘আমরা জানি আমরা ফেবারিট নই, কিন্তু তাতে আমাদের কিছু যায় আসে না। যদি আমরা ছোট ছোট বিষয়গুলো ঠিকঠাক করতে পারি, তবে ট্রফি জেতার সুযোগ থাকবে। আর সেটি করতে গিয়ে যদি কোটি মানুষের হৃদয় ভাঙতে হয়, তাতেও আমি রাজি।’
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিজেদের প্রায় ১ লাখের বেশি দর্শকের সামনে খেলা ভারতের জন্য যেমন অনুপ্রেরণার, তেমনি বিশাল চাপের। স্যান্টনারের আশা, এই চাপকেই কাজে লাগাতে পারে নিউজিল্যান্ড। এখানে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে প্যাট কামিন্স যেভাবে গ্যালারিকে স্তব্ধ করে দেওয়ার কথা বলেছিলেন, স্যান্টনারের কণ্ঠেও আজ সেই একই সুর শোনা গেল।
