বড় চমক রেখে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন পেসার ম্যাট ফিশার, উইল ও’রুর্ক এবং ব্লেয়ার টিকনার- যারা ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন।
৩ পেসারই চোটের কারণে কিছু দিন মাঠের বাইরে ছিলেন। ৩ জন একসাথে ফেরায় পেস ইউনিটে শক্তি বাড়িয়েছে কিউইরা। ওরুর্ক পিঠের চোটে ভুগছিলেন, গোড়ালির চোট ছিল টিকনারের। ফিশারও চোট নিয়ে কিছু দিন ছিলেন খেলা থেকে দূরে।
নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘তাদের আবার দলে ফিরে আসতে দেখে আমরা আনন্দিত। আধুনিক ক্রিকেটে ব্যস্ত সূচির কারণে শক্তিশালী বোলিং রিজার্ভ থাকা খুবই গুরুত্বপূর্ণ।’
সাদা বলের দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফটও। ঘরোয়া মৌসুম বেশ ভালো কেটেছে তার। ফোর্ড ট্রফিতে দলকে তুলেছিলেন ফাইনালে, ছিলেন আসরের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার এনওসি নিয়ে গিয়েছেন আইপিএলে।
তাই বাংলাদেশ সফরে দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। স্যান্টনারের অনুপস্থিতি অনেকের জন্যই চমকপ্রদ খবর হয়ে এসেছে।
নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে মাঠ মাতিয়ে মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক ও বেন সিয়ার্সও জায়গা পেয়েছেন জাতীয় দলে। টি-টোয়েন্টি দলে থাকা জেডেন লেনক্স রয়েছেন অভিষেকের অপেক্ষায়। আগামী ১৩ এপ্রিল বাংলাদেশের পথে রওয়ানা হবে কিউইরা।
সাদা বলের এই দ্বিপাক্ষিক সিরিজে দুই দল খেলবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। বিশ্বকাপ বয়কটের পর এবারই প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছানোর পর কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য ১৬ এপ্রিল পর্যন্ত সময় পাবে কিউইরা।
১৭ এপ্রিল সিরিজের প্রথম ওয়ানডে, যার ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ২০ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচের ভেন্যুও মিরপুর। দ্বিতীয় ওয়ানডে শেষে দুই দল পাড়ি জমাবে চট্টগ্রামে। ২৩ এপ্রিল তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে সাগরিকায়।
একনজরে নিউজিল্যান্ডের স্কোয়াডঃ ওয়ানডে : টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।
টি-টোয়েন্টি : টম ল্যাথাম (অধিনায়ক), কাটিন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।
