নিউজিল্যান্ডের সফরের সূচি প্রকাশ

নিউজিল্যান্ডের সফরের সূচি প্রকাশ

টাইগ্রেসদের নিউজিল্যান্ড সফরের সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড। আগামী ডিসেম্বর নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সফরে তিনটি টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটের সিরিজ খেলবে দুই দল৷ ২০২৬-২৭ মৌসুমের হোম সিজনের সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

বাংলাদেশ নারী দলের এই সিরিজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি দিয়ে। আগামী ১০ ডিসেম্বর নেলসনে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাঘিনীরা৷ একদিন বিরতির পর দ্বিতীয় টি-টোয়েন্টিও আয়োজিত হবে একই ভেন্যুতে। ১৫ ডিসেম্বর ওয়েলিংটনে সিরিজের শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াইয়ের পর ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। ১৮ ডিসেম্বর ওয়েলিংটনে মাঠে গড়াবে এই লড়াই। এরপর সিরিজের বাকি দুই ওয়ানডে আয়োজিত হবে যথাক্রমে ২১ ও ২৩ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইতে।

বাংলাদেশ নারী দলকে আতিথ্য দেওয়া ছাড়াও নিউজিল্যান্ড পুরুষ দল ঘরের মাঠে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ আয়োজন করবে। পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত। অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সিরিজে রয়েছে পাঁচ টি-টোয়েন্টি, পাঁচ ওয়ানডে ও দুই টেস্ট।

২০১৯ সালের পর প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে ভারত। এছাড়া শ্রীলঙ্কাও খেলবে পূর্ণাঙ্গ সিরিজ। জানুয়ারিতে হতে যাওয়া সিরিজে রয়েছে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি, দুই টেস্ট।

বাংলাদেশ নারী দলের নিউজিল্যান্ড সফরসূচি :

প্রথম টি-টোয়েন্টি ১০ ডিসেম্বর, নেলসন

দ্বিতীয় টি-টোয়েন্টি ১২ ডিসেম্বর, নেলসন

তৃতীয় টি-টোয়েন্টি ১৫ ডিসেম্বর, ওয়েলিংটন

প্রথম ওয়ানডে ১৮ ডিসেম্বর, ওয়েলিংটন

দ্বিতীয় ওয়ানডে ২১ ডিসেম্বর, মাউন্ট মঙ্গানুই

তৃতীয় ওয়ানডে ২৩ ডিসেম্বর, মাউন্ট মঙ্গানুই

Exit mobile version