ব্রাজিল বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন নেইমার। একের পর এক চোটের কারণে বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কোচ কার্লো আনচেলোত্তির দল ঘোষণার পর সেই সংশয় কাটলেও নতুন এক সংশয় তৈরি হয়েছে। বিশ্বকাপের দলে থাকলেও তার খেলা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সেই চোটের কারণে বিশ্বকাপে নেইমারকে মাঠে নাও দেখা যেতে পারে।
৩৪ বছর বয়সী নেইমার আবার চোটে পড়েছেন। তার ক্লাব সান্তোস জানিয়েছে, ডান পায়ের কাফ মাসলে চোট পাওয়ায় ক্লাবের বাকি ম্যাচগুলোতে তার খেলা হবে না। ফলে নেইমার ভক্তদের উদ্বেগ আবার বেড়েছে। আগামী ২৭ মে ব্রাজিলের বিশ্বকাপ দলে যোগ দেওয়ার কথা নেইমারের।
নেইমারের সর্বশেষ চোটে পড়েছেন গত রবিবার। ঘরের মাঠে কুরিতিবার বিপক্ষে ম্যাচ। সেদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে কাফের সমস্যার কারণে মাঠে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাঁকে তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে নেইমার বিষয়টি বুঝতে না পেরে আবার মাঠে ঢুকে পড়েন। বদলি খেলোয়াড়ের জন্য ব্যবহৃত বোর্ড নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে দাবি করে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে দেখা যায় তাকে।
দুই মিলিমিটার ফোলা
সান্তোসের মেডিকেল বিভাগের প্রধান রদ্রিগো জোগাইব নেইমারের চোটের বিষয়টি নিশ্চিত করে বলেন, নেইমারের ডান পায়ের কাফে দুই মিলিমিটার এটি ‘এডিমা’ বা হালকা ফোলাভাব ধরা পড়েছে। তবে ব্রাজির সমর্থকদের জন্য সুখবর হলো, আগামী সপ্তাহে বিশ্বকাপের জন্য ব্রাজিলের জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে তার কোনো সমস্যা হবে না। এই চোট তার বিশ্বকাপ প্রস্তুতিতে কোনো সমস্যা হবে না।
ব্রাজিলের স্পোর্টস নেটওয়ার্ক ‘জিই’কে জোগাইব বলেন, নেইমারের কাফে সামান্য চোট রয়েছে, সেখানে একটু এডিমা (ফোলা)। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী তার পুনর্বাসন যেভাবে এগোচ্ছে তাতে আগামী সপ্তাহে জাতীয় দলে যোগ দেওয়ার সময় তিনি পুরোপুরি ফিট থাকবেন। এই চোট নেইমারের বিশ্বকাপ প্রস্তুতিতে কোনো বাধা হবেনা।
সান্তোসের স্টাফদের তত্ত্বাবধানে চিকিৎসা নেইমারের
নেইমার বর্তমানে সান্তোসের রেই পেলে ট্রেনিং সেন্টারে নিজের ব্যক্তিগত স্টাফদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। একই সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের চিকিৎসকেরাও তার শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে এবার বিশ্বকাপে অনুষ্ঠিত যাচ্ছে। এটি হবে নেইমারের চতুর্থ বিশ্বকাপ। দল ঘোষণার কিছু সময় আগে নেইমারের এই চোটের ঘটনা আনচেলোত্তির কোচিং স্টাফদের বেশ দুঃশ্চিন্তায় ফেলে দিয়েছিল।
