দেশজুড়ে বইছে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন আবহ। পরিবার-পরিজনের সঙ্গে উৎসব উদযাপনে মগ্ন অধিকাংশ মানুষ। তবে ছুটি নেই ফুটবলাঙ্গনে , বইছে বিরামহীন ব্যস্ততা। ভিন্ন ভিন্ন দেশে অবস্থান করে কঠোর অনুশীলনে সময় কাটাচ্ছেন জাতীয় দল, অনূর্ধ্ব-২০ পুরুষ ও নারী দল এর ফুটবলাররা।
বর্তমানে জাতীয় ফুটবল দল অবস্থান করছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে। সামনের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সেখানে চলছে তাদের প্রস্তুতি। দলের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এক ভিডিও বার্তায় জানিয়েছেন,
দীর্ঘ ভ্রমণের ধকল কাটিয়ে খেলোয়াড়রা দ্রুত অনুশীলনে ফিরেছেন। যদিও অনুশীলনের সময় খুব বেশি ছিল না, তবুও সেটি ছিল যথেষ্ট ফলপ্রসূ। বিশেষ করে ট্যাকটিক্যাল দিকগুলোতে জোর দেওয়া হয়েছে বলে জানান তিনি। কোচের মতে, এই স্বল্প সময়ের অনুশীলনও দলের প্রস্তুতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।
জাতীয় দলের অভিজ্ঞ মিডফিল্ডার সোহেল রানাও একই সুরে কথা বলেছেন। তিনি জানান,
ভ্রমণ শেষে খেলোয়াড়দের শারীরিক পুনরুদ্ধারের পাশাপাশি ভিয়েতনাম ম্যাচকে সামনে রেখে কৌশলগত পরিকল্পনা করা হয়েছে। তার মতে, এই অনুশীলন সেশনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আসন্ন ম্যাচে দলের পারফরম্যান্সে এর প্রতিফলন দেখা যাবে। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি ভবিষ্যতে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়েও কাজে দেবে।
অন্যদিকে, সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টকে সামনে রেখে মালদ্বীপের মালেতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ অ-২০ পুরুষ দল। তবে অনুশীলন ভেন্যুর মান নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন দলের ম্যানেজার সামিদ কাশেম। তিনি বলেন,
তাদের মূল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঘাসের মাঠে, অথচ অনুশীলন করতে হচ্ছে টার্ফে। সেটিও আন্তর্জাতিক মানের নয় বলে মন্তব্য করেন তিনি। তবুও প্রতিকূলতার মাঝেও খেলোয়াড়রা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নিজেদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।
এদিকে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থান করছে বাংলাদেশ অ-২০ নারী দল। তীব্র গরম উপেক্ষা করেই তারা অনুশীলন চালিয়ে যাচ্ছে। দলের ডিফেন্ডার সুরমা জান্নাত জানিয়েছেন,
ঈদের দিন পরিবার থেকে দূরে থাকতে হয়েছে, যা তাদের জন্য আবেগের বিষয়। তারপরও দেশের জন্য খেলার তাগিদে তারা নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছেন না। ২৫ ও ২৭ মার্চ ভারত ও জর্ডানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে দলটি পরবর্তী রাউন্ডে যাওয়ার লক্ষ্য নিয়েই অনুশীলন করছে।
জাতীয় দলের ম্যাচসূচী
- ভিয়েতনাম বনাম বাংলাদেশ – ২৬ মার্চ – বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা
- সিঙ্গাপুর বনাম বাংলাদেশ – ৩১ মার্চ – বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা
সাফ অনূর্ধ্ব-২০ দলের ম্যাচসূচী
- বাংলাদেশ বনাম পাকিস্তান – ২৪ মার্চ – বাংলাদেশ সময় বিকাল পৌনে ৫টা
- বাংলাদেশ বনাম ভারত – ২৮ মার্চ – বাংলাদেশ সময় বিকাল পৌনে ৫টা
এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ সূচী
- থাইল্যান্ড বনাম বাংলাদেশ – ০১ এপ্রিল – বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা
- চীন বনাম বাংলাদেশ – ০৪ এপ্রিল – বাংলাদেশ সময় বিকাল ৩টা
- ভিয়েতনাম বনাম বাংলাদেশ – ০৭ এপ্রিল – বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা
