আজ ফাইনাল হচ্ছে না – মোহামেডানকে ট্রফি দিয়ে দিতে বললো বসুন্ধরা

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ (মঙ্গলবার) ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল হচ্ছে না। ম্যাচটি একদিন পিছিয়ে আগামীকাল (বুধবার) বিকেল ৫টা ৩০

মোহামেডান ও বসুন্ধরা কিংস (ফাইল ছবি)।

ফেডারেশন কাপের ফাইনাল আজ হচ্ছে না

ভেন্যু নিয়ে গত কয়েকদিনের চরম নাটকীয়তা আর অচলাবস্থার পর অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ (মঙ্গলবার) ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল হচ্ছে না। ম্যাচটি একদিন পিছিয়ে আগামীকাল (বুধবার) বিকেল ৫টা ৩০ মিনিটে বসুন্ধরা কিংস অ্যারেনাতেই অনুষ্ঠিত হবে। আজ সকালে বাফুফে কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ভেন্যু জটিলতার সমাধান মিললেও আজ সকালে বাফুফেকে দেওয়া বসুন্ধরা কিংসের একটি চিঠি পুরো দেশের ফুটবল অঙ্গনে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে।

‘ট্রফি মোহামেডানকে দিয়ে দিন’: বসুন্ধরা কিংসের বোমা


ফাইনালে খেলতে রাজি হলেও বর্তমান পরিস্থিতিতে চরম অসন্তোষ প্রকাশ করেছে বসুন্ধরা কিংস। বাফুফেকে দেওয়া এক আনুষ্ঠানিক চিঠিতে কিংস কর্তৃপক্ষ ফেডারেশন কাপের ফাইনাল আয়োজন না করে ট্রফিটি সরাসরি মোহামেডানকে দিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে।

কিংসের চিঠি

“বর্তমান পরিস্থিতিতে খুব বেশি সম্মানবোধের জায়গা নেই। তাই আমরা ফাইনালটি বাতিল করার পাশাপাশি চ্যাম্পিয়নের পদক ফাইনালে ওঠা অন্য দলকে (মোহামেডান) দেওয়ার অনুরোধ করছি।”

এই বিস্ফোরক চিঠির পর ঘরোয়া ফুটবলের মর্যাদার লড়াইয়ে এক অন্যরকম মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হলো বলে মনে করছেন ফুটবল বোদ্ধারা।

রাজি হলো মোহামেডান, তবে আছে শর্ত


মোহামেডান ফাইনালে ওঠার পর থেকেই কিংস অ্যারেনায় কিংসের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। এই অচলাবস্থা কাটাতে গতকাল দুই ক্লাবের প্রতিনিধিদের নিয়ে ম্যারাথন বৈঠকে বসেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সেখানে মোহামেডান নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় গতকাল কোনো সমাধান ছাড়াই সভা শেষ হয়।

তবে গতকাল গভীর রাতে বাফুফে কর্তাদের নানামুখী সমঝোতা ও আলোচনার পর বরফ গলে। বেশ কিছু শর্ত সাপেক্ষে শেষ পর্যন্ত কিংস অ্যারেনাতেই খেলতে রাজি হয় সাদা-কালো শিবির।

মোহামেডানের ডিরেক্টর ইন চার্জ লোকমান হোসেন ভূঁইয়া শর্তগুলোর বিষয়ে স্পষ্ট করে বলেন,

“আমরা সর্বশেষ বাফুফেকে বলেছি, বাফুফেকে চিঠি দিয়ে এই নিশ্চয়তা দিতে হবে যে মোহামেডান মাঠে কোনো অবিচারের শিকার হবে না। আর কিংসকেও বাফুফেকে লিখিত বলতে হবে যে, কিংস অ্যারেনায় ফাইনাল হলে কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যা হবে না। পাশাপাশি ফাইনাল একদিন পেছাতে হবে। এই শর্তগুলো পূরণ হওয়াতেই আমরা কিংস অ্যারেনায় খেলতে রাজি হয়েছি।”

বাফুফে মোহামেডানের একদিন সময় বাড়ানোর শর্ত মেনে নেওয়ায় ম্যাচটি বুধবারে গড়াচ্ছে। মাঠের বাইরের এই বিপুল নাটকীয়তা, পাল্টাপাল্টি চিঠি আর শর্তের বেড়াজাল পেরিয়ে আগামীকাল মাঠের লড়াইয়ে শেষ হাসি কে হাসে, মোহামেডান নাকি বসুন্ধরা কিংস, সেটাই এখন দেখার বিষয়।

Exit mobile version