খেলোয়াড়ি জীবনে রাজনৈতিতে যোগ না দেওয়া আহ্বান প্রধানমন্ত্রীর

খেলোয়াড়ি জীবনে রাজনৈতিতে যোগ না দেওয়া আহ্বান প্রধানমন্ত্রীর

পেশাদার খেলোয়াড়ি জীবনে রাজনীতিতে যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের ‘কথা কম, কাজ বেশি মানে খেলতে হবে বেশি’ এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। 

এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতিতে যোগ দিয়েছিলেন দেশের খ্যাতনামা দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা। অর্থাত সংসদ সদস্য হওয়ার সময়ও দুজনেই ছিলেন জাতীয় দলের অধিনায়ক।

সরকার পতনের পর দুজনই তীব্র রোষানলে পড়েন। যার জেরে সাকিব এখনও দেশ ও দলের বাইরে রয়েছেন, মাশরাফিকেও চলে যেতে হয়েছে লোকচক্ষুর আড়ালে। তাদের এই পরিণতি অনেকের জন্যই হতে পারে শিক্ষা।

এবার স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান জানালেন সেই আহ্বান। তিনি বলেন, ‘খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন; বা হবেন না দয়া করে। বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা, দেশের জন্য সম্মান ও গৌরব বয়ে নিয়ে আসবেন।’

‘দেশে-বিদেশে বিজয়মালা বরণ করে বিশ্ব ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ।’

এছাড়া খেলোয়াড়দের উৎসাহ দিয়ে তারেক রহমান জানান, ‘দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি বিশ্বাস করি।’

একই সাথে খেলাধুলাকে শুধু শখ, বিনোদন বা শরীরচর্চা নয়, পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সময়ে ক্রীড়া শুধু শখ, বিনোদন কিংবা শরীর চর্চার বিষয় নয় বরং সারা বিশ্বে ক্রীড়া এখন পেশা হিসেবে স্বীকৃতি পাচ্ছে। বাংলাদেশও পিছিয়ে থাকবে না। ২০২৬ সালে জাতীয় নির্বাচনের আগে জনগণের কাছে আমরা দলীয় ইশতেহার প্রকাশ করেছিলাম। আমরা বলেছিলাম, জনরায়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পেলে দেশে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। জনগণের কাছে দেয়া সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পর্ব আনুষ্ঠানিকভাবে আজ থেকেই শুরু হলো।’

এর আগে দেশের ক্রীড়াঙ্গনে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়। খেলাধুলাকে কেবল শখ বা বিনোদন নয়, বরং একটি মর্যাদাপূর্ণ ‘পেশা’হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Exit mobile version