রাজশাহীর বোলিং তোপে নোয়াখালী ১২৪ রানেই থামল । বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার রাতে রাজশাহী ওয়ারিয়র্স বোলারদের তোপে নোয়াখালী এক্সপ্রেস ৮ উইকেটে মাত্র ১২৪ রান করেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে এই রান করতে পেরেছে তারা। রাজশাহীর তরুন পেসার রিপন মণ্ডল ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১৩ রানে ৪ উইকেট নেন।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম থেকেই সুবিধা করতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস । নেতৃত্ব হারানো সৈকত আলী একাদশ থেকেও বাদ পড়েন। পাওয়ার প্লে’র ৬ ওভারে ২ উইকেটে ৪২ রান তোলে তারা।
নোয়াখালীর কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি। সে কারণে ভালো কোনো জুটিও হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা রাজশাহী ওয়ারিয়র্সের বোলিং দাপটে।
শেষ পর্যন্ত নোয়াখালী ২০ ওভারে ৮ উইকেটে ১২৩ রান করতে পেরেছে। ওপেনার মা’জ সাদাকাত ১৯ বলে ২ চার, ১ ছয়ে ২৫, মাহিদুল ইসলাম অঙ্কন ২৭ বলে ১ ছয়ে ২২ এবং অধিনায়ক হায়দার আলী ২৮ বলে ৪টি চারে ৩৩ রান করেন।
রাজশাহীর ডানহাতি পেসার রিপন মণ্ডল বিধ্বংসী বোলিং করেন। ক্যারিয়ারসেরা বোলিংয়ে তিনি ৪ ওভারে ১ মেডেনে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়া আরেক ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব ৪ ওভারে ৩১ রানে ২টি উইকেট নেন।
