দারুণ এক জয়ে ইউরোপা লিগের শেষ ষোলোর পথে এক ধাপ এগিয়ে গেল নটিংহাম ফরেস্ট। বৃহষ্পতিবার রাতে অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যচে তারা ফেনেরবাখকে ৩-০ গোলে হারিয়েছে। মুরিলো, ইগর জেসুস ও মর্গান গিসব হোয়াইট গোল করেছেন।
এ জয়ের মাঝ দিয়ে কোচ ভিটর পেরেইরার অভিষেক হলো স্বপ্নের মতো। নটিংহাম ফরেস্টের কোচের পদটা বড্ড ভঙ্গুর হয়ে পড়েছিল এ মৌসুমে। একের পর এক কোচ বদল হয়েছে। তারই ধারাবাহিকতায় চতুর্থ কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভিটর পেরেইরা। আর দায়িত্ব নিয়েই দলকে এনে দিলেন বিষ্ময়কর এক জয়।
অ্যাওয়েতে বেশ বড় ব্যবধানের জয়ের ফলে নটিংহাম ফরেস্টের শেষ ষোলোতে খেলা অনেকটা নিশ্চিত। কেননা ফিরতি লেগের ম্যাচটি নিজেদের মাঠে খেলবে নটিংহাম। শেষ ষোলোতে উঠতে পারলে নটিংহামকে খেলতে হতে পারে রিয়াল বেতিসের বিপক্ষে। মিডজিল্যান্ডও হতে পারে তাদের প্রতিপক্ষ।
অতীত অভিজ্ঞতা এ ম্যাচে পর্তুগীজ কোচ পেরেইরাকে এগিয়ে রেখেছিল। তুর্কি ক্লাবটিতে বেশ লম্বা একটা সময় পার করেছেন। দুই মেয়াদে তাদের সঙ্গে থাকার ফলে দুর্বল দিকগুলো ভালো করেই জানতেন তিনি। আর এখানে সেটাই কাজে লাগিয়েছেন।
ম্যাচে ব্যবধান গড়ে দিতে খুব বেশি সময় নেয়নি নটিংহাম ফরেস্ট। ২১ মিনিটে মুরিলো গোল করে সফরকারী দলকে এগিয়ে নেন। তার এই গোল নটিংহাম ফরেস্টের সমর্থকদের একদিকে আনন্দে ভাসিয়ে দেয়, অন্যদিকে স্বাগতিক দর্শকদের স্তদ্ধ করে দেয়। গোলের আগ পর্যন্ত তারা বিভিন্নরকম হর্ষধ্বনি করে নিজেদের দলকে উৎসাহ দিয়ে চলছিল। তাদের উজ্জ্বীবিত করছিল। কিন্তু এই গোল তাদের সেই হর্ষধ্বনিকে থামিয়ে দেয়।
নটিংহামের প্রথম গোলের রূপকার ছিলেন ইলিয়ট অ্যান্ডারসন। তার পাস থেকে বল পেয়ে দ্রুতগতিতে এগিয়ে যান মুরিলো। প্রায় ২০ গজ দূর থেকে তার নেওয়া শট ফেনেরবাগের জালে আছড়ে পড়ে।
