টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষের পথে। নিরাপত্তা শঙ্কায় ভারতে যেতে রাজি না হওয়ায় বাংলাদেশ দলকে ছাড়াই হচ্ছে এই বিশ্বকাপ। এখন সামনে সবচেয়ে বড় বৈশ্বিক আসর হিসেবে রয়েছে আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ। এবার সেই বিশ্বকাপের প্রস্তুতির দিকেই মনোযোগ বাংলাদেশের ক্রিকেটারদের। এমনটাই জানিয়েছেন সাইফ হাসান। অবশ্য আপাতত পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ নিয়েই ভাবছেন তারা।
টি-২০ বিশ্বকাপ খেলতে পারেননি ক্রিকেটাররা, তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৩টি দল গঠন করে অদম্য বাংলাদেশ টি-২০ কাপ আয়োজন করে। আর এখন কিছুদিন পর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তাই ক্রিকেটারদের ওয়ানডে প্রস্তুতি নেওয়ার সুযোগ দিতে চলছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাট।
ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে মনোযোগ
আগামীকাল বিসিএল ওয়ানডে প্রতিযোগিতার ফাইনাল। মিরপুরে ফাইনালে নর্থ জোনের বিপক্ষে লড়বে সেন্ট্রাল জোন। পাকিস্তান সিরিজের আগে ভালো প্রস্তুতির বিষয়টি জানিয়ে সাইফ বলেছেন,’যেহেতু আমরা ফাইনালে উঠেছি আর একটা ম্যাচ খেলার সুযোগ বেড়েছে। আর ওয়ানডে সিরিজের আগে এটা খুব ভালো একটা প্রস্তুতি আমাদের জন্য। আশা করি কালকের ম্যাচটায় আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারব।’
দীর্ঘ সময় ওয়ানডে ফরম্যাটের বাইরে বাংলাদেশ ক্রিকেট দল। এবার বিসিএল দিয়ে এই ফরম্যাটে আবার নিজেদের ধাতস্থ কতরার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। এ নিয়ে সাইফ বলেন,‘গত এক-দেড় বছর ওরকম ওয়ানডে খেলার সুযোগ পাইনি। কিছু ওয়ানডে আমরা পেয়েছি তাও টি-টোয়েন্টির মাঝখানে। এখন যেগুলোই ওয়ানডে সিরিজ আছে অবশ্যই প্রস্তুতিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে।’
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজের পরিকল্পনা নিয়ে সাইফ বলেছেন,‘ওয়ানডে সিরিজে বাড়তি কোনো প্রত্যাশা নেই নিজের উপর। কিন্তু চেষ্টা করব যত ভালো ক্রিকেট খেলা যায়, যত ভালো পর্যায়ে আসা যায়।’
ওয়ানডে বিশ্বকাপ নিয়ে চিন্তা
চলতি বছর প্রথমবার ওয়ানডে সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে। আর এই সিরিজ দিয়েই আগামী বছর ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের লড়াই শুরু হতে যাচ্ছে।
সাইফ বিশ্বকাপ নিয়ে বলেছেন,‘মাথার ভেতরে, হৃদয়ের গহিনে সবাই আসলে মন খারাপ করেছে। এখানে অস্বীকার করার কিছু নেই। কিন্তু আমার মনে হয় পেশাদার ক্রিকেট প্লেয়ার হিসেবে আমাদের আসলে সামনে এগিয়ে যাওয়াটা খুবই জরুরি। সামনে যেহেতু আমরা ওয়ানডে খেলাতে ঢুকে যাচ্ছি, সামনে ওয়ানডে বিশ্বকাপ আছে, এটার জন্য আমরা যত তাড়াতাড়ি প্রস্তুত হতে পারি তত ভালো।’
