এফএ কাপ থেকে বিদায় নিয়েছে ম্যাচেসফিল্ড। দারুণ সম্ভাবনা তৈরি করেও আত্মঘাতি গোল হজমে তাদের বিদায় নিতে হয়েছে। সোমবার রাতে অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে চতুর্থ রাউন্ডের খেলায় তারা ব্রেন্টফিল্ডের কাছে হেরে যায়।
ষষ্ঠ বিভাগের দল ম্যাচেসফিল্ড। তৃতীয় রাউন্ডে তারা সবাইকে চমকে দিয়েছিল। হারিয়েছে প্রিমিয়ার লিগের ক্রিস্টাল প্যালেসকে। কিন্তু সেই ধারাবাহিকতা তারা ধরে রাখতে পারলো না। ব্রেন্টফোর্ডের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত আত্মঘাতি গোলে তাদের বিদায় নিশ্চিত হয়। ম্যাচের ৭০ মিনিটের সময় স্যাম হিথকোট সমর্থকদের হৃদস্পন্দন থমকে দেওয়ার এই কাজটি করেন।
এফএ কাপ থেকে বিদায়ের পর ম্যাচেসফিল্ড এখন নিজেদের আসল লড়াইয়ে মনোযোগী হবে। আগামী শনিবার তারা কিংস লিন টাউনের মুখোমুখি হবে। ঘরোয়া লিগে ম্যাচেসফিল্ডের অবস্থা খুব একটা স্বস্তিদায়ক নয়। ২৮ ম্যাচ থেকে ৪৮ পয়েন্ট নিয়ে তারা সপ্তম স্থানে রয়েছে। শীর্ষে থাকা সাউথ শিল্ডসের সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্য বেশ বড়। ১৯ পয়েন্ট পেছনে তারা। তবে এই পার্থক্য কমিয়ে আনার সুযোগ রয়েছে তাদের। কেননা অন্যদের থেকে বেশ কয়েকটি ম্যাচ কম খেলেছে তারা। ২৮ ম্যাচ খেলেছে তারা। তবে এফএ কাপে তাদের এই সাফল্য তাদের লম্বা সময় সুখ স্মৃতি নিয়ে থাকার সুযোগ করে দিয়েছে।
ব্রেন্টফোর্ডের কোচ এ ম্যাচের জন্য দলে একাধিক পরিবর্তন আনেন। দলের সবচেয়ে বড় তারকা ইগর থিয়াগোকে বাইরে রেখে দল সাজিয়েছিলেন। শুধু তাই নয়, সব মিলিয়ে সাতটি পরিবর্তন এনেছিলেন তিনি। তার এই সিদ্ধান্ত দলের জন্য বুমেরাং হওয়ার শঙ্কা দেখা দিয়েছিল। বিশেষ করে প্রথমার্ধে তাদেরকে কঠিন একটা সময় পার করতে হয়েছিল। এমনকি আত্মঘাতি গোলে ম্যাচেসফিল্ড পিছিয়ে পড়লেও তারা প্রতিপক্ষকে ছেড়ে কথা বলেনি। বেশ কয়েকবার তারা ব্রেন্টফোর্ডের জন্য আতঙ্ক হয়ে দেখা দিয়েছিল।
মার্চের প্রথম সপ্তাহে এফএ কাপের পঞ্চম রাউন্ডের খেলা মাঠে গড়াবে। এ রাউন্ডে বড় দলগুলোকে কোনো শক্ত প্রতিপক্ষকে মোকাবেলা করতে হচ্ছে না। চেলসি খেলবে রেক্সহামের বিপক্ষে। ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। আর্সেনালের প্রতিপক্ষ ম্যানসফিল্ড টাউন। লিভারপুল খেলবে ওলভারহাম্পটনের বিপক্ষে।
