টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। রোববার সকালে ১৫ জনের পাকিস্তান স্কোয়াড ঢাকায় পা রেখেছে। বাংলাদেশের বিপক্ষে তারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। ফুল দিয়ে পাকিস্তান দলকে বরণ করে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফেসবুক পোস্টে তারা লিখেছে, ‘বাংলাদেশে স্বাগতম! বাংলাদেশ বনাম পাকিস্তান ওয়ানডে সিরিজ উপলক্ষে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল ঢাকায় এসেছে। মিরপুরে দুই দলই একটি দারুণ সিরিজ পার করবে, সেই আশা।’
এর আগে গতকাল (শনিবার) আলাদা বহরে ঢাকায় পা রাখেন পাকিস্তান দলের সাপোর্ট স্টাফরা। আগামী বুধবার সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজ শুরুর আগে সোমবার ও মঙ্গলবার পাকিস্তান দলের জন্য দুটি অনুশীলন সেশন নির্ধারিত আছে।
দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে শুক্রবার ও রোববার। তিনটি ম্যাচই হবে ঢাকা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এক দশকেরও বেশি সময় পর বাংলাদেশের মাটিতে পাকিস্তান দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে। ২০১৫ সালের এপ্রিলে মিরপুরে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।
ওয়ানডে দল থেকে বাবরের বাদ পড়াকে চমকই বলতে হবে। কারণ সর্বশেষ ওয়ানডে সিরিজেও সেঞ্চুরি পেয়েছেন বাবর। তবে টি–টুয়েন্টি বিশ্বকাপে বাবর পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন। বিশ্বকাপে ৬ ম্যাচে মাত্র ৯১ রান করেছেন বাবর, তাও ১১২.৩৪ স্ট্রাইক রেটে। বিশ্বকাপে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাহিবজাদা ফারহান। ৩৮৩ রান করা ফারহান অবশ্য বিশ্বকাপেই এখন পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহক। বাংলাদেশের সিরিজে ওয়ানডে অভিষেক হতে পারে তাঁর।
তিনি ছাড়া ওয়ানডে অভিষেক না হওয়া অন্য ক্রিকেটাররা হলেন- আবদুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ এবং শামিল হোসেন। সামাদ, সাদাকাত, সাদ মাসুদ এবং শামিল হোসেন পাকিস্তান শাহিনস দলে ছিলেন, এরা সম্প্রতি আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেছেন।
দলে নেই পাকিস্তান ওপেনার ফখর জামান। দল ঘোষণার আগে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছিল, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন ফখর। সিরিজ খেলতে পাকিস্তান বাংলাদেশে আসবে ৮ মার্চ। ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের তিন ম্যাচ।
১৫ সদস্যের স্কোয়াডঃ শাহীন শাহ আফ্রিদি (ক্যাপ্টেন), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হরিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মুহাম্মদ রিজওয়ান (ওয়িকেটকিপার), মুহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজী ঘোরি (ওয়িকেটকিপার), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আঘা এবং শামিল হুসাইন।
