বিশ্বকাপের পর বাংলাদেশে আসছে পাকিস্তান

সূচি চূড়ান্ত

বিশ্বকাপের পর বাংলাদেশে আসছে পাকিস্তান। চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শেষ হওয়ার পরপরই পূর্ণাঙ্গ সূচি খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল

চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শেষ হওয়ার পরপরই পূর্ণাঙ্গ সূচি খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যস্ত আন্তর্জাতিক ক্যালেন্ডারের সূচনা হবে এই সিরিজ দিয়ে। আগামী মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং মে মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল।

সফর সূচি অনুযায়ী, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ১২, ১৪ ও ১৬ মার্চ ঢাকায়। সিরিজটি দিয়ে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সাদা বলের মিশন শুরু হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দ্রুতই প্রস্তুতি সেরে ঢাকায় পৌঁছাবে সফরকারী দল।

ওয়ানডে সিরিজ শেষেই তারা দেশে ফিরে যাবে। এরপর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ১১তম আসর শেষে আবারও বাংলাদেশে আসবে লাল বলের লড়াইয়ে অংশ নিতে। মে মাসে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ২০২৫–২৭ চক্রের অংশ।

প্রথম টেস্ট হবে ৮ থেকে ১২ মে ঢাকায়, আর দ্বিতীয় টেস্ট ১৬ থেকে ২০ মে চট্টগ্রামে। টেস্ট সিরিজটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ ডব্লিউটিসি পয়েন্ট তালিকায় এগিয়ে যেতে হলে ঘরের মাঠে জয় অত্যন্ত মূল্যবান।

পাকিস্তানের সফর দিয়ে শুরু হলেও ২০২৬ সালে বাংলাদেশের ঘরোয়া আন্তর্জাতিক সূচি বেশ ব্যস্ত। ওয়ানডে সিরিজ শেষে ১৭ এপ্রিল থেকে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর আগামী জুনের মাঝামাঝি সময়ে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের।

এছাড়া আগস্ট-সেপ্টেম্বরে সীমিত ওভারের সিরিজ খেলতে আসতে পারে ভারত। তবে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের কারণে সেই সফর নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। সব মিলিয়ে ২০২৬ মৌসুমে বাংলাদেশ চারটি টেস্ট, ১২টি ওয়ানডে ও নয়টি টি-টোয়েন্টি আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। বিশ্বকাপ-পরবর্তী এই সূচি দুই দলের জন্যই নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনার দুয়ার খুলে দেবে।

পাকিস্তান-বাংলাদেশ সিরিজ সূচি

ওয়ানডে সিরিজ

প্রথম ওয়ানডে -১২ মার্চ

দ্বিতীয় ওয়ানডে -১৪ মার্চ

তৃতীয় ওয়ানডে -১৬ মার্চ

টেস্ট সিরিজ

প্রথম টেস্ট -৮ থেকে ১২ মে (ঢাকা)

দ্বিতীয় টেস্ট -১৬ থেকে ২০ মে (চট্টগ্রাম)

Exit mobile version