ঘরের মাঠে মাঠে বাঘ বাংলাদেশ! তাই স্বাগতিক বাংলাদেশকে সমীহ করছেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। বিষয়টি মাথায় রেখেই দলের পরিকল্পনা সাজাচ্ছেন শাহীন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে চলে এসেছে পাকিস্তান ক্রিকেট দল।
মঙ্গলবার মিরপুরে মাঠে গড়াচ্ছে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে শাহীন শাহ আফ্রিদি বলেন, ‘অবশ্যই (সিরিজ কঠিন হতে যাচ্ছে), যেকোনো দলই হোম কন্ডিশনে সেরা দল। বাংলাদেশ ভালো দল। ঘরের মাঠে তারা অনেক ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজকে এবং অন্য দলকে হারিয়েছে। গত ২ ওয়ানডে সিরিজে আমরা দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলেছি। সেটাই চালিয়ে যেতে চাই এই সিরিজে।’
মিরপুরের উইকেট বরাবরই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবারের সিরিজেও আলোচনায় থাকছে উইকেট। শাহীনের কাছে প্রশ্নও গেল উইকেট নিয়ে। শাহীন বলেছেন, ‘এখনও পর্যন্ত (উইকেট) কিছুটা ফাস্ট বোলারদের সাহায্য করবে বলে মনে হচ্ছে। তবে নিশ্চিত নই আমি। আবারও চেক করব এবং টিম ম্যানেজমেন্টের সাথে আলাপ করব।’একাদশের শীর্ষ ৩ ব্যাটারের নাম জানিয়ে আফ্রিদি বলেন, ‘৩ জনের অভিষেক হবে। সাহিবজাদা আমাদের টপ পারফর্মার।
ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে সে ভালো করছে। পাকিস্তানের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে সে ভালো করেছে। মাজ সাদাকাতের সাথে সে (ফারহান) ওপেন করবে, শ্যামল হুসাইন ওয়ান ডাউনে খেলবে। ফলে এই ৩ জনের অভিষেক হচ্ছে। আশা করি তারা নিজেদের খেলাটা খেলবে এবং স্কিল দেখাবে। আমরা দল হিসেবে বেশ এক্সাইটেড তাদের পাকিস্তানের হয়ে খেলতে দেখতে, কেবল এক সিরিজ নয়, সামনেও।’
এছাড়া বাংলাদেশের রিশাদকে নিয়ে তিনি বলেন,‘ আমার মনে হয় ব্যাটাররা তাকে (রিশাদ) ভালোভাবেই চেনে। তাদের সাথে টি-টোয়েন্টি খেলেছে, সাথে পিএসএলেও খেলেছে। ফলে আশা করি অত বেশি সমস্যা হবে না ব্যাটারদের জন্য। তারা নিজেদের খেলাটা পরিস্থিতি অনুযায়ী খেললেই চলবে।
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজদের ৫০ ওভার স্পিন করানো নিয়ে শাহীন বলেছেন, ‘এবার এমনটা ঘটবে না। পাকিস্তান দল ফাস্ট বোলারদের জন্য বিখ্যাত। আমি অবশ্যই ফাস্ট বোলিংয়ের সাহায্য নেব এবং নিশ্চিত করব যেন ফাস্ট বোলাররা উইকেট নেয়, সাথে স্পিনাররাও দলে অবদান রাখে।’
