বিশ্বকাপের সেরা একাদশে পাকিস্তানের তারকা ওপেনার

বিশ্বকাপের সেরা একাদশে পাকিস্তানের তারকা ওপেনার

বিশ্বকাপের সেরা একাদশে পাকিস্তানের তারকা ওপেনার। জমজমাট ফাইনালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। যেখানে শিরোপা জয়ী ভারত থেকে জায়গা পেয়েছেন সর্বোচ্চ চার জন। তবে নেই রানার্সআপ নিউজিল্যান্ডের কোনো প্রতিনিধি।

ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দুই জন করে এবং পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের এক জন করে জায়গা পেয়েছেন এই একাদশে। সবার ওপরে ওপেনিংয়ে স্যামসনের সঙ্গী সাহিবজাদা ফারহান।

পাকিস্তানের এই ওপেনার প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের কোনো আসরে করেছেন জোড়া সেঞ্চুরি। এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি। ৬ ইনিংসে ১৬০ এর বেশি স্ট্রাইকরেট ও ৭৬.৬০ গড়ে করেছেন ৩৮৩ রান।

বিশ্বকাপ সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী স্যামসন পাঁচ ইনিংসে প্রায় দুইশ স্ট্রাইক রেট ও ৮০.২৫ গড়ে করেছেন ৩২১ রান। তার তিন ফিফটির সবকটি এসেছে শেষ তিন ম্যাচে, যেগুলোতে ভারতের জয় অনিবার্য ছিল। তিন নম্বরে ইশান ১৯৩.২৯ স্ট্রাইক রেটে ৩৫ এর বেশি গড়ে করেছেন ৩১৭ রান। তার ব্যাট থেকেও এসেছে তিনটি ফিফটি।

ব্যাট ও বলে দুর্দান্ত সময় কাটান পান্ডিয়া। দুটি চমৎকার ফিফটি উপহার দেন এই পেস বোলিং অলরাউন্ডার। বোলিংয়ে নেন ৯ উইকেট। ফাইনালের সেরা বুমরাহ আসর জুড়েই বোলিংয়ে ছিলেন দুর্দান্ত। আট ম্যাচে ১৪ উইকেট নিয়ে তিনি যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী।

ফাইনালে কেবল ১৫ রানে অভিজ্ঞ এই পেসার নেন ৪ উইকেট। আসরে তিনি ওভার প্রতি রান দিয়েছেন কেবল ৬.২১ করে! দক্ষিণ আফ্রিকা থেকে জায়গা পেয়েছেন এইডেন মার্করাম ও লুঙ্গি এনগিডি। আসরে মার্করাম তিন ফিফটিতে করেছেন ২৮৬ রান। পেসার এনগিডি ১৫.৫৮ গড়ে নিয়েছেন ১২ উইকেট।

ইংল্যান্ড থেকেও জায়গা পেয়েছেন দুই জন- উইল জ্যাকস ও আদিল রাশিদ। ইংল্যান্ডের হয়ে চারটি ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন জ্যাকস। ব্যাট ও বল- দুই ক্ষেত্রেই তিনি রেখেছেন বড় অবদান। লেগ স্পিনার রাশিদ ১৪.১৫ গড়ে নিয়েছেন ১৩ উইকেট।

আর অলরাউন্ড নৈপুণ্যে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। চমৎকার বোলিংয়ে জিম্বাবুয়ে থেকে তার সঙ্গী ব্লেসিং মুজারাবানি। দ্বাদশ ব্যক্তি যুক্তরাষ্ট্রের শাডলি ফন স্কল্কভাইক চার ইনিংসে ৭.৭৬ গড়ে নিয়েছেন ১৩ উইকেট। ওভার প্রতি দিয়েছেন কেবল ৬.৮০ রান।

এক নজরে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ: শাহিবজাদা ফারহান, সাঞ্জু স্যামসন, ইশান কিষান, এইডেন মার্করাম, হার্দিক পান্ডিয়া, উইল জ্যাকস, জেসন হোল্ডার, জাসপ্রিত বুমরাহ, লুঙ্গি এনগিডি, আদিল রাশিদ, ব্লেসিং মুজারাবানি।

দ্বাদশ খেলোয়াড়: শাডলি ফন স্কল্কভাইক

Exit mobile version