সব নাটকের অবসান ঘটতে চলেছে। চলমান টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের সঙ্গে ম্যাচটি খেলতে যাচ্ছে পাকিস্তান। এ ব্যাপারে আগামীকালের মধ্যেই চূড়ান্ত ঘোষণা আসবে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এমনটাই দাবি করেছে।
বাংলাদেশকে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। তাদের ম্যাচটি খেলতে রাজি করানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে বৈঠক করেছে আইসিসি। লাহোরে হওয়া সেই বৈঠক হয়েছে ৪ ঘণ্টা দীর্ঘ। ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য বেশ কিছু শর্ত ছুঁড়ে দেয় পিসিবি।
সূত্রের বরাত দিয়ে একটি প্রতিবেদনে এনডিটিভি জানাচ্ছে, আইসিসি এবং বিসিবির মধ্যকার সংকট নিরসনে একটি মধ্যস্থতাকারী ‘ফর্মুলা’ তৈরি করা হয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, কোনো যুক্তিগ্রাহ্য কারণ ছাড়া ম্যাচ বয়কট করলে পাকিস্তানের ক্রিকেট বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।
এরপর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলই পিসিবিকে এই সংকট নিরসনে এবং ক্রিকেটীয় সম্পর্ক বজায় রাখতে অনুরোধ করেছেন। সেজন্য তিনি পাকিস্তানকে ম্যাচটি খেলার সিদ্ধান্ত নেওয়া যায় কিনা তা ভাবতেও বলেছেন।
ম্যাচটি বাতিল হলে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের বিশাল বাণিজ্যিক ক্ষতি হতো, যার একটি বড় প্রভাব পড়তো পিসিবির ওপরও। এনডিটিভি সূত্রের খবর অনুযায়ী, খেলার পক্ষে পাকিস্তানের মৌন সমর্থন থাকলেও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
আগামীকালের মধ্যেই প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার পর পিসিবি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেবে। সমস্যা নিরসনে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও বিসিবি প্রেসিডেন্ট বুলবুল।
এনডিটিভির দাবি, পাকিস্তানের সব দাবি মানেনি আইসিসি। বিশেষ করে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ শুরুর দাবি আইসিসি নাকচ করে দেওয়া হয়েছে। কারণ এটি ভারতের সরকারি সিদ্ধান্তের বিষয়। তবে বাংলাদেশের জন্য আর্থিক ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে বড় টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে আইসিসি।
