আগামীকাল তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ইতোমধ্যে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। ১৫ জনের সেই দলটিতে অভিষেকের অপেক্ষায় আছেন ছয়জন ক্রিকেটার। পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি জানিয়েছেন, প্রথম ওয়ানডেতেই অভিষেক হতে পারে তিনজনের।
অনভিজ্ঞ ছয় ক্রিকেটারের সাথে আরও ৯ জন অভিজ্ঞ আছেন এবার পাকিস্তানের ওয়ানডে স্কোয়াডে। এই দল থেকে একাদশ গড়তে অবশ্যই সর্বনিম্ন দুইজনকে নিশ্চিতভাবেই অভিষেক করাতে হবে। কিন্তু পাকিস্তান অধিনায়ক শাহীন আফ্রিদি জানিয়েছেন সংখ্যাটা আরও বেশিই হবে। যাদের অভিষেক হতে পারে তাদের নামও বলে দিয়েছেন তিনি।

সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শাহীন বলেছেন,‘আগামীকাল সম্ভবত তিনটি অভিষেক হতে যাচ্ছে। সাহিবজাদা আমাদের টপ পারফর্মার, টি-টোয়েন্টি এবং ওয়ানডে দুই ফরম্যাটেই এবং লিস্ট এ ক্রিকেটেও সে পাকিস্তানের হয়ে ভালো করেছে। হাসিবুল্লাহ ওপেন করবে এবং শামিল হোসেন ওয়ান ডাউনে খেলবে।’
বাবরকে কেন এই সিরিজে রাখা হয়নি?
বাংলাদেশ সফরের স্কোয়াডে রাখা হয়নি অভিজ্ঞ তারকা ক্রিকেটার বাবর আজমকে। তাকে বাদ দেওয়া হয়েছে এমনটাই বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে। কিন্তু শাহীনের দাবি বাবরকে বাদ নয়, এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার জন্যই বাবরের মতো অভিজ্ঞদের বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অধিনায়ক শাহীন বিষয়টি নিয়ে বলেন,’এই সিরিজে কাউকে (বাবর আজম) বাদ দেওয়া হয়নি। আমরা শুধু আমাদের তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে চেয়েছি, তারাই আমাদের ভবিষ্যৎ। আমরা বাংলাদেশের বিপক্ষে তাদের সুযোগ দিতে চাই। আমি মনে করি যখন সময় আসবে তারা তাদের ভূমিকা এবং ভবিষ্যতে বিশ্বকাপের জন্য কী পরিকল্পনা আছে তা জানবে। আমাদের শুধু বিশ্বকাপের জন্য দল প্রস্তুত করতে হবে এবং তরুণদের জন্য এটি তাদের দক্ষতা দেখানোর একটি সুযোগ।’
একাদশে তরুণদের সুযোগ দেওয়া নিয়ে আফ্রিদি বলেন, ‘এক ম্যাচে তো আর ১৫ জন খেলতে পারে না। আমি খুশি হতাম যদি ১৫ জনই খেলতে পারত। তবে দলের প্রয়োজন এবং পিচের কন্ডিশন অনুযায়ী সেরা ১১ জন মাঠে নামবে। আজ আমাদের আরও একটি সেশন আছে, তারপর আমরা চূড়ান্ত একাদশ ঠিক করব।’
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। ম্যাচটি বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে মাঠে গড়ানোর কথা রয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















