মুস্তাফিজের পিএসএল শুরু হয়েছে জয় দিয়ে। লাহোর কালান্দার্স দুই বাংলাদেশি পারভেজ হোসেন ইমন ও মুস্তাফিজুর রহমানকে নিয়েই প্রথম দিন নেমেছে। দু’জনই তেমন আলো ছড়াতে পারেননি। এরপরও হায়দরাবাদ কিংসমেনকে আজ লাহোরে ৬৯ রানে হারিয়েছে পারভেজ-মুস্তাফিজের দল।
মুস্তাফিজের পিএসএল শুরু হয়েছে ভালোভাবে। আর বাইরের দেশে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে আজই অভিষেক হয়েছে বাঁহাতি পারভেজ হোসেন ইমনের। তবে চার নম্বরে নেমে ১৩ বলে একটি ছক্কা হাঁকিয়ে ১৪ রানেই বিদায় নেন তিনি। আর মুস্তাফিজ অবশ্য চার ওভার বোলিং করে মাত্র ১৯ রান দিয়ে লাহোরের সবচেয়ে কিপটে বোলার। একটি উইকেটও নিয়েছেন তিনি। সেদিক থেকে পারভেজের তুলনায় এ বাঁহাতি পেসার অনেকটাই ভালো করেছেন।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ফখর জামান ও মোহাম্মদ নাঈমের ব্যাটে ৮৪ রানের উদ্বোধনী জুটি পায় লাহোর। নাঈম ১৯ বলে ৪টি চার ও ১টি ছয়ে ৩০ রানে আউট হলে জুটি ভাঙে। এরপর আব্দুল্লাহ শফিক (৪), হাফ সেঞ্চুরিয়ান ফখর ও পারভেজ দ্রুত সময়ের মধ্যে সাজঘরে ফেরেন।
ফখর জামান ৩৯ বলে ১০ চারে ৫৩ রান করেন। পরে হাসিবউল্লাহ খান ২৮ বলে ৩টি চার ও ১টি ছয়ে অপরাজিত ৪০ এবং সিকান্দার রাজা ১০ বলে ২টি করে চার-ছক্কায় ২৪ রান করেন। ২০ ওভারে ছয় উইকেটে ১৯৯ রান তোলে লাহোর। ২টি করে উইকেট নেন হাসান খান ও রাইলি মেরেডিথ।
মুস্তাফিজের পিএসএল শুরু জয়ে
জবাব দিতে নেমে ২৫ রানের ওপেনিং জুটি বেশ ভালো কিছুরই ইঙ্গিত পেয়েছে হায়দরাবাদ। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে বড় কোনো জুটি হয়নি। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩০ রানেই গুটিয়ে যায় হায়দরাবাদ কিংসমেন। ২২ বলে ৩টি চারে মারনাম লাবুশেন সর্বোচ্চ ২৬ রান করেন।
২টি করে উইকেট নেন উবাইদ শাহ, হারিস রউফ ও সিকান্দার রাজা। আজই শুরু হয়েছে পিএসএল। সেখানে শুভ সূচনা করেছে পিএসলে পারভেজ-মুস্তাফিজের জয়।
সংক্ষিপ্ত স্কোর
লাহোর কালান্দার্স- ১৯৯/৬; ২০ ওভার (ফখর ৫৩, হাসিবউল্লাহ ৪০*, নাঈম ৩০, রাজা ২৪; হাসান ২/৩০, মেরেডিথ ২/৩৯)।
হায়দরাবাদ কিংসমেন- ১৩০/১০; ২০ ওভার (লাবুশেন ২৬, মেরেডিথ ১৯*, সাইম ১৭; হারিস ২/২২, রাজা ২/২৭, উবাইদ ২/২৭)।
ফল : লাহোর কালান্দার্স ৬৯ রানে জয়ী।
ম্যাচসেরা : ফখর জামান।
