আগের দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন চারে নেমে। এবার ওপেনিংয়ে ফিরে পারভেজ ঝড় তুলেছন। মাত্র ১৯ বল খেলে দুটি চার ও পাঁচটি ছক্কায় করলেন ৪৫ রান। প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি আসর হিসেবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে নেমেছেন পারভেজ হোসেন ইমন। লাহোর কালান্দার্সের হয়ে আজ লাহোরে বাঁহাতি এই বাংলাদেশি নিজেকে চেনালেন মুলতান সুলতান্সের বিপক্ষে।
ওপেনিংয়ে ফিরে পারভেজ ঝড় তোলার সক্ষমতা দেখিয়েছেন আজ। টস হেরে আগে ব্যাটিংয়ে নামে তার দল লাহোর কালান্দার্স। প্রথম দুই ম্যাচে যেন চোখে অন্ধকার দেখেছিলেন পারভেজ। করেছিলেন ১৩ বলে ১৪ ও ১২ বলে ১২ রান। দুই ম্যাচেই চারে নামেন তিনি। এবার ওপেনিংয়ে নেমে মোহাম্মদ নাঈমের সঙ্গে মাত্র পাঁচ ওভারেই ৮৬ রান তোলেন পারভেজ।
১৯ বলে ৪৫ রানে বিদায় নেওয়ার আগে মুলতানের বোলারদের নিয়ে লীলাখেলায় মাতেন এই বাঁহাতি ব্যাটার। যে কারণে তাকে লাহোর দলে ভিড়িয়েছে তার উপযুক্ত প্রতিদানই যেন দিয়েছেন এদিন। অবশ্য লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এমনিতেও ব্যাটিং স্বর্গ।

আগের দুই ম্যাচও এই মাঠে খেলেছেন পারভেজ। তবে প্রথমবার পিএসএল খেলতে নামা এবং চারে নেমে ব্যাট করার কারণেই হয়তো নিজেকে খুঁজে পাচ্ছিলেন না তিনি। অবশ্য ওপেনিংয়ে সুযোগও ছিল না। কারণ, নাঈম ভালো করছিলেন এবং ফখর জামান ছিলেন।
এবার টি-২০ বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের। তাই ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করে তিন দলের অদম্য বাংলাদেশ টি-২০ কাপ। সেই আসরে পারভেজ চারেই ব্যাট করেছেন। সেখানেও চারে নেমে ভালো করতে পারেননি।
অথচ বছরের শুরুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি ওপেনার হিসেবেই খেলেছেন। জাতীয় দলের জার্সিতেও তার পজিশন টপ থ্রি! এজন্যই হয়তো পিএসএলে পারভেজের ব্যাট হাসতে পারছিল না।
ওপেনিংয়ে ফিরে পারভেজ ঝড়
অবেশেষে আজ নিজের পছন্দের পজিশন ফিরে পেয়ে ২৩৬.৮৪ স্ট্রাইকরেটে ৪৫ রান করলেন। এর মধ্যে চতুর্থ ওভারে হাসান নওয়াজকে টানা দুটি এবং পঞ্চম ওভারে ফয়সাল আকরামকে টানা তিনটি ছক্কা হাঁকান পারভেজ।
অথচ এদিনও শুরুটা বেশ ধীরগতিতেই করেছিলেন পারভেজ। প্রথম ৯ বলে করেছিলেন মাত্র সাত রান। পরবর্তী ১০ বলেই তিনি ৩৮ রান করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন। ফখর জামান ম্যাচ খেলার নিষেধাজ্ঞা পাওয়াতেই যেন নিজেকে প্রমাণের সুযোগটা পেলেন এই বাঁহাতি তরুণ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















