হাসানকে যে শাস্তি দিলো পিসিবি

পিএসএল

হাসানকে যে শাস্তি দিলো পিসিবি

লতি পিএসএলে আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা গুনলেন হাসান আলী। করাচি কিংসের পেসার হাসান আলীকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত হয়ে তিনি নিজের ভুল স্বীকার করেছেন এবং শাস্তি মেনে নিয়েছেন।

পিসিবির আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যাটার আউট হওয়ার পর এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি করা নিষিদ্ধ, যা তাকে অপমানিত করে বা আক্রমণাত্মক প্রতিক্রিয়া উসকে দিতে পারে। লাহোর কালান্দার্সের ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে হসিবুল্লাহ খানকে আউট করার পর হাসান আলীর উসকানিমূলক অঙ্গভঙ্গির কারণেই তাকে শাস্তি দেওয়া হয়েছে।

ফলে তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। মাঠের এই বিতর্ক সত্ত্বেও ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে করাচি কিংস। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ১১-এর ষষ্ঠ ম্যাচে গাদ্দাফি স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সকে চার উইকেটে হারিয়েছে তারা।

১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে করাচি। তৃতীয় ওভারেই অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৮ ও সালমান আলি আঘা ০ সাজঘরে ফেরেন, দুজনকেই আউট করেন শাহীন শাহ আফ্রিদি। তখন স্কোরবোর্ডে ছিল মাত্র ১০ রান।

এই ধাক্কা সামলে ইনিংস গুছিয়ে নেন মুহাম্মদ ওয়াসিম। সাদ বেগ (১৯) ও মঈন আলির সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান তিনি। ওয়াসিম ৩৭ বলে ৩৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন, যেখানে ছিল তিনটি চার ও একটি ছক্কা।

তবে ১৫তম ওভারে শাহীন আবার আঘাত হানলে ওয়াসিম ও মঈন ১৮ পরপর বিদায় নেন। তখন করাচির সংগ্রহ ৫ উইকেটে ৮৮ রান। ম্যাচ আবারও অনিশ্চয়তায় পড়ে। এই অবস্থায় খুশদিল শাহ ও আজম খান ষষ্ঠ উইকেটে ৩২ রানের মূল্যবান জুটি গড়ে ম্যাচে নতুন মোড় আনেন। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান।

ঠিক তখনই ঘটে নাটকীয় ঘটনা। বল টেম্পারিংয়ের দায়ে লাহোরকে পাঁচ রান পেনাল্টি দেন আম্পায়াররা। ফলে করাচির লক্ষ্য নেমে আসে ৯ রানে, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ ওভারের প্রথম বলেই হারিস রউফ খুশদিল শাহকে (১৩) আউট করলেও পরের দৃশ্যটা ছিল পুরোপুরি আব্বাস আফ্রিদির।

 প্রথম দুই বলেই একটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে দারুণ এক জয় এনে দেন তিনি। মুস্তাফিজুর রহমান চার ওভারে ২০ রান খরচ করে একটি উইকেট নিয়েছিলেন। এর আগে ব্যাট করতে নেমে লাহোর কালান্দার্স ২০ ওভারে ৯ উইকেটে ১২৮ রান তোলে।

Exit mobile version