ম্যানসিটি ছাড়ছেন পেপ গার্দিওলা যোগ দিচ্ছেন এনজো মারেস্কা

২৫শে জানুয়ারি: ২৫ জানুয়ারি। ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি এফসি এবং চেলসি এফসি-র মধ্যে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের ম্যাচে ডাগ আউটে চেলসির ম্যানেজার এনজো মারেস্কা ও ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওলা। (ছবি: গেটি ইমেজেস)

২০২২-২৩ মৌসুমে গার্দিওলার সহকারী ছিলেন মারেস্কা

পেপ গার্দিওলার যুগ শেষ হচ্ছে ম্যানচেস্টার সিটিতে। আগামী মৌসুম শুরুর আগেই তাঁর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন চেলসির সাবেক হেড কোচ এনজো মারেস্কা।

সোমবার বিবিসি স্পোর্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতিহাদ স্টেডিয়ামে অ্যাস্টন ভিলার বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচের পরেই ক্লাব ছাড়তে পারেন সিটির কিংবদন্তি কোচ গার্দিওলা। আর ২০২৬-২৭ মৌসুম থেকে এই স্প্যানিশ কোচের জায়গায় ডাগআউটের দায়িত্ব নেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন মারেস্কা।

গত ছয় মাসেরও বেশি সময় ধরে গার্দিওলার বিদায়ের প্রস্তুতি নিচ্ছিল ম্যান সিটি। এরই মধ্যে ৪৬ বছর বয়সী ইতালিয়ান কোচ মারেস্কার সঙ্গে ক্লাব কর্তৃপক্ষের আলোচনাও প্রায় শেষ পর্যায়ে। মারেস্কা নিজেও এই দায়িত্ব নিতে আগ্রহী এবং খুব শিগগিরই সিটির নতুন কোচ হিসেবে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

চেলসির হয়ে নিজের একমাত্র পূর্ণাঙ্গ মৌসুমেই স্ট্যামফোর্ড ব্রিজে ক্লাব বিশ্বকাপ ও কনফারেন্স লিগ জেতানোর পাশাপাশি ব্লুজদের চ্যাম্পিয়ন্স লিগ যোগ্যতা এনে দিয়েছিলেন মারেস্কা। তবে ম্যান সিটির পরিবেশ তাঁর জন্য একেবারেই নতুন নয়। এর আগে ২০২২-২৩ মৌসুমে সিটির ঐতিহাসিক ‘ট্রেবল’ জয়ের সময় গার্দিওলার সহকারী হিসেবে কাজ করেছিলেন তিনি। তারও আগে সিটির যুব একাডেমিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই সাবেক জুভেন্টাস মিডফিল্ডার।

২০২৩ সালে সিটি ছেড়ে লেস্টার সিটির প্রধান কোচের দায়িত্ব নেন মারেস্কা এবং প্রথম মৌসুমেই দলটিকে প্রিমিয়ার লিগে উন্নীত করেন। এরপর তিনি চেলসিতে যোগ দেন।

মারেস্কার প্রশংসা করে কিছুদিন আগেই গার্দিওলা বলেছিলেন, “এনজো মারেস্কা বিশ্বের অন্যতম সেরা ম্যানেজার। আমি তাকে খুব ভালো করেই চিনি। চেলসিতে তরুণ একটা দল নিয়ে এত কঠিন লিগে ক্লাব বিশ্বকাপ, কনফারেন্স লিগ জেতা এবং চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করানোটা এককথায় অসাধারণ। কিন্তু তার এই কাজের জন্য সে যথেষ্ট কৃতিত্ব পায়নি।”

সব ঠিক থাকলে প্রিয় শিষ্যের হাতেই নিজের তৈরি করা সাম্রাজ্য সঁপে দিয়ে বিদায় নিচ্ছেন পেপ গুয়ার্দিওলা।

Exit mobile version