এশিয়ান কাপ ফুটবল আসরে এবার আর খেলা হচ্ছে না। কিন্তু বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে পয়েন্ট চায় বাংলাদেশ দল। যদিও এই ম্যাচে দুই অভিজ্ঞ ফুটবলার তপু বর্মন ও রাকিব হোসেনের অভাব বোধ করছেন প্রবাসী মিডফিল্ডার শমিত সোম।
ভিয়েতনামের বিপক্ষে বড় হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ ফুটবল দল। এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে আগামী মঙ্গলবার সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। সেই কঠিন লড়াইয়ের আগে দলের অভিজ্ঞ দুই কাণ্ডারি তপু বর্মন ও রাকিব হোসেনের অভাব বোধ করছেন প্রবাসী মিডফিল্ডার শমিত সোম।

আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক সিঙ্গাপুর। ম্যাচটি ঘিরে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাঝে রয়েছে ব্যাপক উন্মাদনা। প্রিয় ফুটবলারদের একনজর দেখতে প্রবাসীরা বাংলাদেশ দলের হোটেলে ও অনুশীলনে ভিড় করছেন।
সমর্থকদের এমন ভালোবাসা দেখে অভিভূত শমিত বাফুফের এক ভিডিও বার্তায় আজ বলেছেন,‘সিঙ্গাপুরে প্রচুর বাংলাদেশি আমাদের সমর্থন দিতে আসছেন, যা দেখে খুব ভাল লাগছে। এটি আমাদের মানসিক শক্তি ও বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে। আশা করি মঙ্গলবারের ম্যাচে আমরা এর প্রতিফলন ঘটাতে পারব।’
সিঙ্গাপুরের বিপক্ষে পয়েন্ট চান শমিত
সিঙ্গাপুরের বিপক্ষে পয়েন্ট অর্জন করাই লক্ষ্য শমিতের। এই ম্যাচে হার-জিত এশিয়ান কাপ বাছাইয়ে কোনো প্রভাব ফেলবে না। তবে বাংলাদেশের লক্ষ্য নিয়ে সমিত বলেছেন,‘গত ম্যাচের পর সবার মন খারাপ ছিল। তবে গত দুই-তিন দিনে আমরা নিজেদের গুছিয়ে নিয়েছি। এখন আমাদের লক্ষ্য সামনের ম্যাচ। কঠোর অনুশীলন করছি যাতে অন্তত পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারি।’

ভিয়েতনামের বিপক্ষে বড় হারের পর দলের সবাই মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হলেও এখন তা কাটিয়ে উঠেছেন সবাই। এই ম্যাচে দলের দুই অভিজ্ঞ তারকা তপু বর্মন ও রাকিব হোসেনের অনুপস্থিতি নিয়ে শমিত বলেন, ‘আমরা তপু ও রাকিবকে মিস করছি। তবে ফুটবলে চোট বা অন্য কারণে কেউ না থাকলে অন্যদের সেই দায়িত্ব নিতে হয়। আজ আমি বা হামজা (চৌধুরী) আছি, কাল হয়তো আমরাও চোটে আক্রান্ত হয়ে মাঠের বাইরে থাকতে পারি। ফুটবল কেবল ১১ জনের নয়, এটি পুরো স্কোয়াডের খেলা। যারা সুযোগ পাবে, তাদেরই প্রমাণ করতে হবে তারা কতটা তৈরি।’
উল্লেখ্য, আক্রমণভাগে রাকিব এবং রক্ষণে তপু বর্মন বাংলাদেশ দলের অপরিহার্য অংশ। ভিয়েতনাম ম্যাচে তাদের অভাব তীব্রভাবে অনুভূত হয়েছে। এখন সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে ভক্তদের মুখে হাসি ফোটানোই শমিতদের মূল চ্যালেঞ্জ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















