সমর্থকদের উদ্দেশ্যে পিএসজি প্রেসিডেন্টের আবেগঘন চিঠি

৩০ মার্চ হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে নেয় প্যারিস সেন্ট জার্মেই, পিএসজি।

প্যারিস, ফ্রান্স - ৩১ মে: ৩১ মে, ২০২৬ তারিখে ফ্রান্সের প্যারিসে অবস্থিত পার্ক দেস প্রিন্সেস (Parc des Princes) স্টেডিয়ামে প্যারিস সেন্ট-জার্মেইর সমর্থকদের সামনে ‘২০২৬ চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি’ প্রদর্শনীর সময় খেলোয়াড়দের সাথে উদযাপনে মেতে উঠেছেন প্যারিস সেন্ট-জার্মেইর প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি। গেটি ইমেজেস

৩০ মার্চ হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে নেয় প্যারিস সেন্ট জার্মেই, পিএসজি। ইউরোপ সেরা হয়ে আনন্দে ভাসছে প্যারিসের ক্লাবটি। ক্লাবটির সাফল্যের পেছনে কাড়ি কাড়ি পেট্রো ডলার বিনিয়োগকারী প্রেসিডেন্ট ও কাতারী ধনকুবের নাসের আল-খেলাইফি সমর্থকদের জন্য দিয়েছেন আবেগঘন বার্তা। সেই চিঠি বাংলায় অনুবাদ করে তুলে ধরা হলো খেলা লাইভের পাঠকদের জন্য।

প্রিয় সমর্থকবৃন্দ,

এই শনিবার বুদাপেস্টে আমাদের ক্লাব টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছে। একবার এই ট্রফি জেতা ঐতিহাসিক; কিন্তু ব্যাক-টু-ব্যাক (টানা দুবার) জয় করা এক কিংবদন্তিতুল্য অর্জন।

এই বিজয় সর্বাগ্রে আপনাদের। এই জয় প্যারিস, সমগ্র ফ্রান্স এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সেই সমস্ত মানুষের যারা গভীর আবেগ, আনুগত্য ও গর্বের সাথে প্যারিস সেন্ট-জার্মেইকে ভালোবাসেন।

পুরো মৌসুমজুড়ে আমাদের দল যেখানেই খেলতে গেছে, আপনাদের অবিচল সমর্থন ছায়ার মতো অনুসরণ করেছে। আপনারা সবসময় পাশে ছিলেন। আপনাদের এই আস্থা আমাদের শক্তির উৎস, একই সাথে এটি এমন এক দায়িত্ব যা আমরা নম্রতা ও দৃঢ়তার সাথে বহন করি।

চ্যাম্পিয়ন হওয়ার গৌরবকে কেবল ম্যাচের কয়েক মিনিটের খেলা বা ফাইনালের আবেগে সংজ্ঞায়িত করা যায় না। সবচেয়ে বড় অর্জনগুলো গড়ে ওঠে হাজার হাজার ঘণ্টার কঠোর পরিশ্রম, দৈনন্দিন প্রচেষ্টা এবং ক্লাবের আবেগ ও মূল্যবোধকে বাঁচিয়ে রাখা সবার সম্মিলিত অঙ্গীকারের মধ্য দিয়ে।

এই মৌসুমেও হাজার হাজার কণ্ঠস্বর প্যারিস সেন্ট-জার্মেইকে বিজয়ের পথে এগিয়ে নিয়ে গেছে। খেলোয়াড়, কোচিং স্টাফ, ক্লাবের সকল কর্মী, আমাদের অংশীদার এবং সর্বোপরি আপনারা আমাদের সমর্থকরাই ছিলেন এই সফলতার মূল চালিকাশক্তি।

আজ আমরা একসাথে আমাদের ইতিহাসের এই নতুন অধ্যায়টি উদযাপন করছি। তবে আমাদের লক্ষ্য ও আকাঙ্ক্ষা আগের মতোই সুউচ্চ। আমাদের অবশ্যই বিনয়ী থাকতে হবে এবং আগামী মৌসুমের জন্য আমাদের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্যারিসের গৌরবকে ফ্রান্স এবং বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে আমরা প্রতিদিন একই প্রতিশ্রুতি, নম্রতা ও আবেগ নিয়ে কাজ করে যাব।

ক্লাবের সকলের পক্ষ থেকে আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।

একসাথে আমরা আমাদের ইতিহাসের একটি নতুন পাতা লিখেছি। একসাথে আমরা প্যারিস সেন্ট-জার্মেইর এই কিংবদন্তিকে আরও এগিয়ে নিয়ে যাব।

গভীর কৃতজ্ঞতাসহ,

নাসের আল-খেলাইফি

প্রেসিডেন্ট, প্যারিস সেন্ট-জার্মেই

Exit mobile version