পিএসএল বিশ্বের এক নম্বর লিগ হবে বলে মন্তব্য করেছেন পিসিবি চেয়ারম্যান। ফ্র্যাঞ্চাইজি লিগে বেশ ভালোভাবেই জায়গা করে নিয়েছে পাকিস্তান সুপার লিগ(পিএসএল)। দুই মৌসুম ধরে এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে আইপিএলের সাথে একইসময়ে। পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি আশাবাদী, খুব দ্রুতই বিশ্বের সেরা লিগ হবে পিএসএল।
ক্রিকেট দুনিয়ায় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে আইপিএল সবচেয়ে এগিয়ে। নামীদামী তারকাদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট বিশ্বে সবচেয়ে জনপ্রিয়। তবে পিছিয়ে নেই পিএসএলও। ২০১৬ সালে ৫ দল নিয়ে যাত্রা শুরু করা এই টুর্নামেন্টে এখন অংশ নিচ্ছে ৮ দল। চলতি বছর অনুষ্ঠিত হয়েছে নিলামও।
তবে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে মাত্র দুই ভেন্যুতে দর্শকবিহীন স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে পিএসএলের এবারের আসর। পিসিবি বোর্ড অব গভর্নরসের এক সভায় ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়। এ সময় নাকভি আশাবাদ ব্যক্ত করেন, পিএসএল খুব দ্রুতই বিশ্বের সেরা লিগে পরিণত হওয়ার পথে রয়েছে এবং শিগগিরই সেটি বাস্তব হবে।
পিএসএল নিয়ে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘পিএসএল এখন বিনিয়োগের জন্য সেরা বাজারে পরিণত হয়েছে। খুব বেশি দেরি নেই, পিএসএল বিশ্বের এক নম্বর লিগ হয়ে উঠবে।’ তবে শীর্ষে উঠতে বেশ কঠিন পথ পাড়ি দিতে হবে পিএসএলকে। আইপিএলের মিডিয়া রাইটস যেখানে ৬ বিলিয়ন ডলারেরও বেশি, সেখানে পিএসএলের মিডিয়া রাইটস ৯৩ মিলিয়ন ডলারের আশেপাশে। আইপিএলের বার্ষিক রেভিনিউ যেখানে ১ বিলিয়নের বেশি, সেখানে পিএসএলের ক্ষেত্রে তা ৫০-৬০ মিলিয়ন ডলার।
এবারের পিএসএলে আসরে খেলছেন ৬ বাংলাদেশি ক্রিকেটার। লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন। পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাচ্ছেন নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও শরিফুল ইসলাম। রাওয়ালপিন্ডিজের হয়ে খেলছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















